যোগ্য হয়েও ছিলেন বঞ্চিত॥অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন জি এম আজিজুর রহমান

বিশেষ প্রতিনিধি || ২০২৫-০৮-২৯ ১২:১৮:৩৯

image

বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জি এম আজিজুর রহমান গত ২৫শে আগস্ট অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন। 
 এর আগে তিনি পুলিশের বিশেষ শাখা(এসবি)-এর উপ-মহাপরিদর্শক(ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে তিনি এসবিতে কর্মরত রয়েছেন। গোয়েন্দা কার্যক্রম, সন্ত্রাস দমন এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় তার দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান রয়েছে।  
 যশোর জেলার সন্তান জি এম আজিজুর রহমান কর্মজীবনের শুরু থেকেই মাঠ পর্যায় ও গোয়েন্দা শাখায় নিজেকে দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রমাণ করেছেন। বিসিএস(পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদানের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ের অপরাধ দমন, গোয়েন্দা কার্যক্রম পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় তার কাজ সহকর্মী ও ঊর্ধ্বতন মহলে প্রশংসিত হয়েছে।
 বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জাতীয় নিরাপত্তা রক্ষায় বিশেষ ভূমিকা রাখেন। সন্ত্রাসবিরোধী তৎপরতা, নাশকতা প্রতিরোধ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে তার নেতৃত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়। এর আগে কর্মজীবনে তিনি ভোলার পুলিশ সুপার, ডিএমপি, কেএমপি ও জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।
 পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সূত্র জানায়, জি এম আজিজুর রহমান সকল যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিগত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। উদ্দেশ্যমূলক পদোন্নতির কারণে তার সমপর্যায়ের অনেক কর্মকর্তা একাধিক ধাপে এগিয়ে গেলেও তিনি পদোন্নতি পাননি। সহকর্মীরা মনে করেন, রাজনৈতিক প্রভাবের কারণে তার ন্যায্য পদোন্নতি আটকে রাখা হয়েছিল।
 একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আজিজুর রহমান সবদিক থেকে যোগ্য ছিলেন। কিন্তু পূর্ববর্তী সরকারের সময় উদ্দেশ্যমূলকভাবে তাকে বঞ্চিত করা হয়। এখন তিনি ন্যায্য স্বীকৃতি পেয়েছেন।”
 তিনি ১৯৮৫ সালে যশোর জেলার কেশবপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। দুই বছর পর খুলনার দৌলতপুর সরকারী বিএল কলেজ থেকে এইচএসসিতেও প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিওলজি বিভাগে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্র জীবনেই তিনি মেধা ও অধ্যবসায়ের জন্য পরিচিত ছিলেন।
 পুলিশ বাহিনীতে দীর্ঘ কর্মজীবনে তিনি গোয়েন্দা কার্যক্রমে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। সন্ত্রাস দমন, চরমপন্থী দমন ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তার অবদান উল্লেখযোগ্য। সহকর্মীদের মতে, জি এম আজিজুর রহমান একজন সৎ, দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা, যিনি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেন।
 একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, “জি এম আজিজুর রহমান সবসময় মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে কাজ করেছেন। তিনি যে পদে গিয়েছেন, সেখানেই সফল হয়েছেন। অতিরিক্ত আইজিপি পদে উন্নীত হওয়ায় তিনি পুলিশের জন্য আরও বড় অবদান রাখতে পারবেন।”
 অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ায় পুলিশ বাহিনীর ভেতরে এবং সহকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। অনেকে আশা করছেন, তিনি তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়ে পুলিশের আধুনিকায়ন, গোয়েন্দা কার্যক্রমের সম্প্রসারণ এবং সন্ত্রাসবিরোধী সক্ষমতা আরও বাড়াবেন।
 পুলিশ বাহিনীর একাধিক কর্মকর্তা মনে করেন, জি এম আজিজুর রহমানের মতো অভিজ্ঞ কর্মকর্তারা সামনে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবেন।
 যশোরের সন্তান এই কর্মকর্তা নীরব ও কর্মনিষ্ঠ জীবন যাপনের জন্য পরিচিত। তিনি সবসময় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনগণের আস্থা অর্জনের ওপর জোর দিয়ে আসছেন।
 পদোন্নতির খবর প্রকাশের পর তার সহকর্মী, শুভাকাঙ্খী এবং বিভিন্নস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com