কাঠমান্ডুতে অবস্থানরত বাংলাদেশিদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে দূতাবাস

বিশেষ প্রতিনিধি || ২০২৫-০৯-১১ ১৫:১৭:২২

image

নেপালের বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডুতে অবস্থানরত প্রবাসী ও ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
 গতকাল ১১ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু হতে ঢাকা যাত্রা নিশ্চিত করতে দূতাবাস সার্বিক সহায়তা প্রদান করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর পরিচালিত সি-১৩০ বিশেষ ফ্লাইটের মাধ্যমে দলটি ঢাকা পৌঁছেছে। এই বিশেষ ফ্লাইটটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য দূতাবাস প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করেছে।
 এই চ্যালেঞ্জিং সময়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনার জন্য অতি স্বল্প সময়ের মাঝে প্রয়োজনীয় অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশ দূতাবাস নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নেপালের সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
 দূতাবাস পুরো প্রক্রিয়াটি কার্যকরভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে কাঠামান্ডু হতে সকল কার্যক্রমে সমন্বয় সাধন করেছে; ফ্লাইটটি  গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ০২:৪০-এ উড্ডয়ন করে, জাতীয় দলের খেলোয়াড়গণ ও সংশ্লিষ্ট প্রতিনিধি দলকে বাংলাদেশে নিয়ে যায়। ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় দলের খেলোয়াড়দের বিদায় জানান রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান।
 উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে অতি সম্প্রতি নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ই সেপ্টেম্বরের নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হয়।
 উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 
 বাংলাদেশ দূতাবাস জানায়, কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ঢাকা ফেরাতে নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে, যাতে ৮-১০ই সেপ্টেম্বরের মাঝে আটকে পড়া যাত্রীদের দেশে পাঠানো সম্ভব হয়। 
 গত দুই দিন ধরে কাঠমান্ডু উপত্যকার বিভিন্ন স্থানে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের উদ্ধার করতে রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তারা আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে।
 বাংলাদেশ দূতাবাস নেপালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে তাদের সহযোগিতা ও দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং যার মাধ্যমে এই সফলতা অর্জন এবং বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা সম্ভব হয়েছে। 
গত তিন দিনে দূতাবাস ৬০০ এরও অধিক আটকে পড়া এবং প্রবাসী বাংলাদেশী দূতাবাসের সাথে টেলিফোনে যোগাযোগ করেছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com