সরকার দেশের জনগণকে দক্ষ-নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন উপহার দেবে----জনপ্রশাসন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার || ২০২৬-০২-২৭ ১৪:২২:৫৩

image

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ বলেছেন, সরকার দেশের জনগণকে দক্ষ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন উপহার দেবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করবো, প্রশাসক হিসেবে নয়। 
 গতকাল ২৭শে ফেব্রুয়ারি সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম মোঃ ইসমাইল জবিউল্লাহ লক্ষ্মীপুরে আসেন।
 দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে। প্রধানমন্ত্রীর পলিসি অনুযায়ী আমরা সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিণত করবো।
 জনপ্রশাসন উপদেষ্টা আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন- ‘আই হ্যাভ এ প্ল্যান’। সরকার গঠনের পর থেকেইে তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন এবং মনিটর করছেন, সেভাবেই কাজ আদায় করছেন। এটি আমাদের জন্য অনুপ্রেরণা।
 উপদেষ্টা বলেন, যে ইশতিহার ও অঙ্গীকার করে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে, সেই অঙ্গীকার বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব। এখন শুধু বিএনপি নয়, সবদল একত্রিত হয়ে আমরা এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাব, এটিই আমাদের লক্ষ্য।’
 তিনি লক্ষ্মীপুর জেলার উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করতে এবং জনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
 সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
 মতবিনিময় সভায় লক্ষ্মীপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।
 এর আগে লক্ষ্মীপুর সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি(পিপি) আহমেদ ফেরদৌস মানিক, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com