গোয়ালন্দে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র চোরাকারবারী বাসযাত্রী গ্রেফতার

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৬-০৩-১৪ ১৫:৫৭:৫১

image

 কুষ্টিয়া থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিন বহন করে ঢাকার নবীনগরে পাচারকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে নূর মোহাম্মদ(৫২) নামের এক অস্ত্র চোরাকারবারী বাসযাত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
 গতকাল ১৪ই মার্চ বিকেল ৩টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে থেকে দৌলতদিয়া ঘাটগামী লোকাল বাস অনিক সুপার ডিলাক্সে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা অবৈধ ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত নূর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বড়বাজার গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে।
 জানা গেছে, কুষ্টিয়া থেকে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন বহন করে ঢাকার নবীনগরে যাচ্ছিল নূর মোহাম্মদ। দুপুরে কুষ্টিয়া থেকে নূর মোহাম্মদ দৌলতদিয়া ঘাট গামী লোকাল বাস অনিক সুপার ডিলাক্সে ওঠে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসায়। পরে বিকেল ৩টার দিকে অনিক সুপার ডিলাক্স বাসটি গোয়ালন্দের বাংলাদেশ হ্যাচারীর সামনে আসলে বাসটিতে তল্লাশি চালায় ডিবি পুলিশ। তল্লাশীর এক পর্যায়ে নূর মোহাম্মদের কাছে থাকা একটি কালো ব্যাগের মধ্যে তল্লাশি করে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে ডিবি পুলিশ।
 জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারী এলাকায় দৌলতদিয়া ঘাট গামী লোকাল বাস অনিক সুপার ডিলাক্সে অভিযান চালিয়ে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তির কাছে থাকা কালো ব্যাগের ভেতর থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
 তিনি আরও বলেন, আমরা বিষয়টি অধিকতর তদন্ত করে দেখছি। আটক নূর মোহাম্মদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা করা রয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com