দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে॥১৬জনের মরদেহ উদ্ধার

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৬-০৩-২৫ ১৭:১৬:৩৭

image

রাজবাড়ী জেলার দৌলতদিয়ার ৩নং ফেরি ঘাটে গতকাল ২৫শে মার্চ বিকেল ৫টার দিকে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে তলিয়ে যাওয়ার ঘটনায় এ খবর লেখা পর্যন্ত ১৬জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ১১ জন ও পুরুষ ৫জন।
 গতকাল বুধবার দিনগত রাত ১২টার দিকে তলিয়ে যাওয়া বাসটি পানির ৯০ ফুট নিচ থেকে উদ্ধার করে উপরে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ হামজা। এ সময় বাসের মধ্যে থেকে ১৪জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি ২জনের মরদেহ বাস তলিয়ে যাওয়ার সময় উদ্ধার করে স্থানীয়রা।
 এ খবর লেখা পর্যন্ত রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, মোট ১৬জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রাখা হচ্ছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
 জানা গেছে, রাজবাড়ীর সোহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস রাজবাড়ী-ব-১১-০০২৪ গতকাল ২৫শে মার্চ দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে ছেড়ে আসে। ৪১সিটের এই বাসে কমপক্ষে ৫০/৫৫ জন যাত্রী ছিল বলে জানা গেছে। বাসটি বিকেল ৫টার দিকে দৌলতদিয়ার ৩নং ফেরি ঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি হাসনা হেনা নামক ফেরীতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল।
 খবর পেয়ে দৌলতদিয়া ঘাটে অবস্থানরত উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে বাসটি যেখানে পড়েছে, সেখানে পানির গভীরতা অনেক বেশি হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হয়। এছাড়াও ডুবুরি দলও উদ্ধার কাজে অংশ নেয়। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজে বেগ পতে হয়।
 সোহার্দ্য পরিবহনের দৌলতদিয়া ঘাটের সুপারভাইজার(চেকার) মনির হোসেন জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে ঘাটের পুলিশ বক্স থেকে বাসে চড়ে জিরো পয়েন্ট পর্যন্ত গিয়ে তিনি বাসে ভিতরে গণনা করে ৪০ জন যাত্রী দেখতে পান। ড্রাইভার ছিল আরমান(৪০)। হেলপার ছিল হালিম। বাসে তখন সুপারভাইজার ছিল না। সুপারভাইজার এর নাম বাপ্পি। ড্রাইভার আরমানের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বানীবহ গ্রামে। পদ্মায় ডুবে যায় বাসে কুমারখালী, পাংশা ও রাজবাড়ীর যাত্রী ছিল বলে জানা গেছে। 
 স্থানীয়রা জানায়, বাসটি পন্টুনে ওঠার আগে কয়েক মিনিট অপেক্ষা করায় তখন কয়েকজন যাত্রী বাস থেকে নেমে গিয়েছিল। সৌভাগ্যক্রমে তারাই প্রাণে বেঁচে যায় এবং পানিতে ডুবে গেলে কয়েকজন সাঁতরিয়ে উঠতে সক্ষম হয়। 
 এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা অবস্থান করে উদ্ধার কাজ পর্যবেক্ষণ করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com