ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য বিএনপি থেকে পুনরায় মনোনয়ন পেয়েছেন এডভোকেট নেওয়াজ হালিমা আরলী।
গতকাল ২০শে এপ্রিল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় নেওয়াজ হালিমা আরলী নাম রয়েছে।
এছাড়াও গত ১৯শে এপ্রিল বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ৩৬ জনের একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। সেই তালিকার ৫নম্বরে রয়েছে এডভোকেট আরলীর নাম।
জানা গেছে, এডভোকেট নেওয়াজ হালিমা আরলী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বড় বোন লিলির বড় মেয়ে। তার পিতার নাম আফসার উদ্দিন আহম্মেদ। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলায়।
এডভোকেট নেওয়াজ হালিমা আরলী এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগতভাবে তিনি হাইকোর্টের একজন আইনজীবী।
দলীয় সাংগঠনিক কর্মকান্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বদরুন্নেছা সরকারি কলেজের সাবেক ভিপি ছিলেন।
দলের পক্ষ থেকে অভিজ্ঞ ও পরীক্ষিত নেত্রীদের মনোনয়ন দেওয়ার ধারাবাহিকতায় এডভোকেট আরলীর এই মনোনয়নকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। জাতীয় সংসদের আসন অনুপাতে সংরক্ষিত ৫০টি মহিলা আসনের ৩৬টি বিএনপি, ১৩টি জামায়াত জোট ও ১টি স্বতন্ত্র সংসদ সদস্যরা পাবে। ভোট গ্রহণ করা হবে ১২ই মে।
ইসির কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলগুলো প্রাপ্ত আসনের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দিলে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হবে না। এখন পর্যন্ত সংরক্ষিত আসনে নির্বাচন করার রেকর্ড নেই।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com