তীব্র গরমে রাজবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ॥হাসপাতালে রোগীর চাপ

স্টাফ রিপোর্টার || ২০২৬-০৪-২৫ ১৫:২০:৪৫

image

রাজবাড়ীতে তীব্র তাপদাহ ও গরমে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে।
 ডায়রিয়াতে শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধরাও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ডায়রিয়ার পাশাপাশি হাসপাতালে নিউমোনিয়া ও জ্বর, সর্দি কাশি নিয়ে অনেকেই ভর্তি রয়েছে।
 গতকাল ২৫শে এপ্রিল সকালে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গিয়ে এ চিত্র দেখা গেছে। চিকিৎসকদের মতে, আকস্মিক আবহাওয়া পরিবর্তন ও প্রচন্ড গরমের কারণে মানবদেহে নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে এই সময়ে বিভিন্ন ধরনের অসুস্থতা বাড়ছে, বিশেষ করে পানিবাহিত রোগ ডায়রিয়া, টাইফয়েড, কলেরা ও জন্ডিস। এই পরিস্থিতি এড়াতে বিশুদ্ধ পানি পানের কোনো বিকল্প নেই।
 রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যা বিশিষ্ট রাজবাড়ী সদর হাসপাতালে গতকাল শনিবার ২৯২ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৪৪ জন রোগী। পূর্বে রোগী ভর্তি ছিল ৩১ জন। গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত ১৪ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গিয়েছে। আর ১জন রোগীকে রেফার করা হয়েছে।
 এছাড়াও শিশু ওয়ার্ডে নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা সর্দি, কাশি নিয়ে ৬  জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে হামের রোগী রয়েছে ১১ জন। অপরদিকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ৩৬ জন ও মহিলা মেডিসিন ওয়ার্ডে ৪৪  জন রোগী ভর্তি রয়েছে।
 সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি রয়েছে। শয্যা সংখ্যার চেয়ে রোগী বেশি হওয়ায় হাসপাতালের নিচতলা, দোতলা ও তিনতলার বারান্দা বা মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তীব্র তাপদাহ ও গরমে রোগীদের অনেক কষ্ট হচ্ছে। রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও সেবিকাদের।
 প্রচন্ড দাবদাহে কর্মজীবী মানুষদের কষ্ট বেড়েছে। হাঁপিয়ে উঠেছে শ্রমজীবী মানুষ। কর্মজীবী মানুষ বাইরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন। রোদ থেকে বাঁচতে কেউ কেউ ছাতা ও কালো চশমা ব্যবহার করছেন। চিকিৎসকের পক্ষ থেকে প্রচ- গরমে ঘরের বাইরে না যাওয়া, বিশুদ্ধ পানি ও তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া বাচ্চাদের শরীর ঘেমে গেলে তা মুছে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
 মাটিপাড়া থেকে স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে হাসপাতালে এসেছেন সোহেল শেখ। ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না পাওয়ায় জেলা সদর হাসপাতালের নিচতলার মেঝেতে স্ত্রীকে রেখে চিকিৎসা দিচ্ছেন। তিনি বলেন, আমরা স্ত্রীর ডায়রিয়া হওয়ায়  গতকাল বিকেলে তাকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে জায়গা পাইনি। পরে নিচতলার মেঝেতে একটি বিছানা পেতে আমরা রয়েছি। তীব্র গরমে আমাদের এখানে অনেক কষ্ট হচ্ছে।
 মোঃ সৈয়দ আলী সরদার নামের আরেক ডায়রিয়া রোগী বলেন, বারান্দা মেঝেতে থেকে গরমপ অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে যখন বিদ্যুৎ চলে যায়। হাসপাতালে জেনারেটর এর ব্যবস্থা করা উচিত।
 রাজবাড়ী জেলা সদর হাসপাতালর তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান বলেন, বর্তমানে তীব্র তাপদহ ও গরমের কারণে পানিবাহিত রোগ ডায়রিয়া আক্রান্ত হচ্ছে মানুষ। খাওয়ার অনিয়ম এবং প্রচন্ড গরমে কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি ও জ্বর হচ্ছে। হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। তবে পর্যাপ্ত ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে।
 তিনি আরও বলেন, প্রচন্ড গরমে প্রয়োজন ছাড়া রোদে বা ঘরের বাইরে না যাওয়া; বাইরের খাবার না খাওয়া; বিশুদ্ধ পানি খাওয়া এবং বেশি করে তরল জাতীয় খাবারের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া বাচ্চাদের শরীর ঘেমে গেলে তা মুছে দেওয়ার জন্য মায়েদের পরামর্শ দেওয়া হচ্ছে।
 তত্ত্বাবধায়ক আরো বলেন, এই মুহূর্তে পচা, বাঁশি খাবার এড়িয়ে চলতে হবে। ৬ ঘন্টার বেশি রাখা খাবার খাওয়া যাবেনা। টাটকা খাবার খেতে হবে। শিশুদেরকেও টাটকা খাবার খাওয়াতে হবে।
 ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে বেশি বেশি করে পানি খেতে হবে। পাশাপাশি খাবার স্যালাইন খেতে হবে। যদি ডায়রিয়ার পাশাপাশি বমি হয় তাহলে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com