সরকারী হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

জুয়েল সরদার || ২০২৬-০৪-২৭ ১৬:০২:০২

image

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে সরকারী হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ইয়াকুব মন্ডলের বিরুদ্ধে। 
 হালটের প্রায় ৫ শতক জমি দখল করে তিনি স্থায়ী পাকা স্থাপনা নির্মাণ করছেন বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় সচেতন এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 এ ব্যাপারে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী।
 অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোয়ালিয়া মৌজার বি এস খতিয়ান নং-৫ এর ১৯৭১ নং দাগের পুরোটাই বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সরকারী হালটের অন্তর্ভুক্ত।
 হালটের প্রায় ৫ শতক জমি দখল করে সেখানে এখন পাকা স্থাপনা নির্মাণ করছেন ইয়াকুব মন্ডল যার কাজ এখনো চলমান। সরকারী জায়গা দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ কাজের শুরুতে স্থানীয়রা বাধা প্রদান করলেও তা মানেননি ইয়াকুব। এ ব্যাপারে যারাই কথা বলতে গেছেন অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। ইতিপূর্বে থেকে তিনি একই কাজ করে আসছেন বলে জানা গেছে।
 এ ব্যাপারে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিলেও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।
 সরকারী জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের বিষয়ে অভিযুক্ত ইয়াকুব মন্ডল বলেন, জায়গা সরকারী তো কি হয়েছে। আমার বাড়ির সামনে জায়গা ভোগদখলের অধিকার আমার আছে। আমার বাড়ির সামনের জায়গা আমি খাব না তো কে খাবে? আমার বাড়ির সামনে আমি ঘর করছি আপনাদের কি সমস্যা। আমি ঘর নির্মাণ করবো ক্ষমতা থাকলে কেউ ঠেকাক।
 এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সরকারি জায়গা যেহেতু যার খুশি সে ব্যবস্থা নিক। আমার যখন প্রয়োজন হবে সরকারের যখন প্রয়োজন হবে আমি তখন মেপে বুঝে নিবো। 
 স্থানীয়রা বলেন, ইয়াকুব মন্ডল ইতিপূর্বে থেকে একই কাজ করে আসছে। জেনে বুঝেই সব করেছে। বাধা দেয়ার পরও কোনো তোয়াক্কা করেনি। বাধা দিলে কাজ বন্ধ রাখে, সরে গেলে আবার চালু করে। সরকারি জায়গা উদ্ধারে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
 এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com