সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ৪ জন জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ১৫ই অক্টোবর সকালে ও আগের রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জন জেলেকে ১৬ দিন করে বিনাশ্রম জেল এবং ১ জন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। এছাড়াও সাজাপ্রাপ্ত জেলেদের কাছ থেকে ২০ হাজার মিটার জাল জব্দ করে নদীর পাড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত ১০ কেজি ইলিশ মাছ ২টি এতিমখানায় প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্থানীয় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণসহ দৌলতদিয়া নৌ ফাঁড়ি পুলিশের একটি দল সহযোগিতা করে।



