রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচনের আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬শে সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।
বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাই জোয়াদ্দারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি জামায়াতের দলীয় কার্যালয়(তালপট্রি) থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শুরুর আগে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারী মিরাজুল ইসলাম মিরাজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার মনির আজম মুন্নু, বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ওসমান গণি মানিকসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, তারা লক্ষ্য করছেন জনগণের দাবীসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছেনা। এমতবস্থায় জণগণের দাবী আদায়ের জন্য তারা প্রয়োজনে গণ আন্দোলন গড়ে তুলবেন।



