রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচরে বাণিজ্যিকভাবে আদা চাষে সফলতার স্বপ্ন দেখছেন নারী উদ্যোক্তা জাসমা আক্তার।
ইউটিউবে আদা চাষের পদ্ধতি দেখে আদা চাষের সম্পর্কে জানেন জাসমা আক্তার। বস্তায় আদা চাষ একটি নতুন ধারণা হলেও লাভজনক হওয়ায় অনেকে আগ্রহী হচ্ছেন এই পদ্ধতিতে চাষাবাদে।
জাসমা আক্তার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মাহবুবুল আজমের স্ত্রী। এর আগে জাসমা ইউটিউব দেখে আদা চাষের পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। এরপর স্থানীয় কৃষি বিভাগ ও রাজবাড়ী হর্টিকালচার সেন্টার থেকে পরামর্শ নেন তিনি। পরামর্শ শেষে বাড়ির আঙিনায় ফাঁকা ও পতিত জমিতে শুরু করেন আদা চাষ। প্রত্যেক বস্তায় তিনটি করে আদার চারা রোপন করে সারিবদ্ধ ভাবে রেখেছেন। এ পদ্ধতিতে চাষাবাদে ফলন বেশি বিধায় লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। এদিকে লাভজনক হওয়ায় ভবিষ্যতে এই পদ্ধতিতে আদা চাষে কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছেন কৃষি বিভাগ।
স্থানীয় কৃষক এবং কৃষি বিভাগ বলছেন এই অঞ্চলে এই প্রথম আদা চাষ হচ্ছে। উজানচর ইউনিয়নের জাসমা আক্তারের হাত ধরে আদা চাষের সূচনা হয়। জাসমা আক্তার ১০ শতক মাটিতে ৩০০ বস্তায় আদা চাষ করেন। তিনি প্রতিটি বস্তায় দুই কেজি করে আদার ফলন পাবেন বলে আশা করছেন। কয়েক বছর আগ থেকে তিনি কৃষি কাজের সাথে জড়িত। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় আদা চাষ শুরু করেন তিনি। আর বস্তায় আদা চাষে সফল হলে অন্যদেরকেও অনুপ্রাণিত করার ইচ্ছা নারী উদ্যোক্তা জাসমা আক্তারের। আর কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বর্তমান সময়ে বাড়ীর উঠান কিংবা পতিত জমিতে বস্তায় আদা চাষে ঝুঁকছে চাষিরা। অল্প খরচ আর অধিক লাভজনক হওয়ায় সাথী ফসল হিসেবেও বস্তায় আদা চাষ করছেন চাষিরা। এ বছরে যেমন গাছ ভালো হয়েছে তেমন আদাও ভালো হবার স্বপ্ন দেখবে বলে আশাবাদি জাসমা আক্তারের।
সরকারের সহযোগিতা পেলে বাণিজ্যিক ভাবে আরো বড় পরিসরে আদা চাষ করতে চান এই নারী উদ্যোক্তা জাসমা আক্তার।
তিনি বলেন, আমি ইউটিউবে আদা চাষ দেখি। এটা দেখার পর আমার মাথায় আসলো আমিও আদা চাষ করি। সামনে বাণ্যিজিক ভাবে করতে চাই। সরকারের কাছে আমার অনুরোধ সরকার যদি আমাকে সহযোগিতা করে তাহলে আরো বড় পরিসরে বাণিজ্যিক ভাবে আরো আদা চাষ করতে পারবো। আমার আশে পাশে যে সকল নারীরা আছে তারা আমাকে দেখে উদ্ধুদ্ধ হোক তাদের সবসময়ই আমি পাশে থাকবো। নারীরা ঘরে বসে না থেকে এগিয়ে আসুক বাড়ীর আঙিনায় যে সমস্ত জায়গা ফাঁকা বা পড়ে আছে, তাতে যদি আদা চাষ করা যায় তাদের পরিবারের জন্য ভালো হবে, নিজের চাহিদা মিটিয়ে বাইরে বাণ্যিজিক ভাবে বিক্রি করতে পারবে। সরকার আমাকে যদি সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি নারী হয়ে যে আদা চাষ পদ্ধতি করেছি এটা প্রথম।
ছালমা নামের স্থানীয় এক নারী বলেন, সে অনেক পরিশ্রম করে। ভার্মি কম্পোস্ট সার তৈরির পাশাপাশি সে নতুনভাবে বস্তায় আদা চাষ করছে। এই প্রথম আমি দেখলাম বস্তায় আদা চাষ করা যায়।
মোহাম্মাদ নামের এক কৃষক বলেন, আমাদের এই জায়গায় জাসমা যে বস্তায় আদা চাষ করতেছে, এরকম এই পর্যন্ত আদা চাষ দেখি নাই আমরা। জাসমার আদা গাছগুলো অনেক ভালো হয়েছে। ফলন ও ভালো হবে।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, কৃষিকাজে অধিকাংশ স্থানে নারীরা এগিয়ে যাচ্ছে, তেমনি করে গোয়ালন্দ উপজেলায় এই প্রথম বাণিজ্যিক ভাবে বস্তায় আদা চাষ শুরু হয়েছে। জাসমা নামের একজন নারী উদ্যোক্তা তার বাড়িতে ফাঁকা বা পতিত জায়গায় বস্তায় আদা চাষ শুরু করেছে। তার গাছগুলোও অনেক ভালো হয়েছে। উপজেলা কৃষি বিভাগ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং আমরা নিয়মিত তার সাথে যোগাযোগ রাখছি, সঠিক পরামর্শ দিয়ে তার পাশে আছি।
তিনি আরো বলেন, জাসমা বস্তায় আদা চাষের পাশাপাশি ভার্মি কম্পোস্ট সার তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছে। সে একদিন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে।
উল্লেখ্য, বস্তায় আদা চাষের আগে জাসমা আক্তার ২০২৪ সাল থেকে বাণিজ্যিক ভাবে কেঁচো সার(ভার্মি কম্পোস্ট) উৎপাদন শুরু করে ব্যাপক সাড়া ফেলেছে।



