রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিখ্যাত লাঠিয়াল আঃ কাদের মৃধা স্মরণে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ই নভেম্বর বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী মুন্সি বাজার এলাকায় আশ্রয়ন কেন্দ্রের মাঠে লাঠি খেলার আয়োজন করে স্থানীয় জনসাধারণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাঠি খেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, ও বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সার্বিক সহযোগিতায় ছিলেন স্হানীয় বাসিন্দা মোঃ জামাল মুন্সি, মোঃ হান্নান মোল্লা ও হেলাল মোল্লা। দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা খেলায় সভাপতিত্ব করেন। পরিচালনায় ছিলেন প্রবীণ লাঠিয়াল মোঃ হামেদ মৃধা।
তিনি জানান, ১৯৬১ সাল হতে বিগত ৬৪ বছর ধরে এখানে এ ঐতিহ্যবাহী লাঠি খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এ অঞ্চলের খ্যাতিমান লাঠিয়াল আঃ তাদের মৃধা স্মরণে এলাকাবাসী দলমত নির্বিশেষে খেলাটির আয়োজন করে থাকে। হাজার হাজার নারী-পুরুষ এ দিনটির জন্য অপেক্ষায় থাকে।
খেলায় বিভিন্ন এলাকা হতে এসে লাঠিয়াল বাহিনী খালি পায়ে ঢোলের তালে নেচে নেচে লাঠি খেলার নানা কসরত প্রদর্শন করেন। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা এবং অপরকে আঘাতের লক্ষে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এই দৃশ্য দেখে আগত দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ যোগান। বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী,পুরুষ ও শিশু দর্শক মনোরম এ খেলা উপভোগ করেন।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, বিএনপি নেতা ডাঃ আবুল হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মন্ডল ও গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।



