দশম গ্রেডে বেতন প্রদানসহ তিন দফা দাবি আদায়ে ও ঢাকায় শিক্ষকদের ওপর বর্বরোচিত পুলিশী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ করেছে সদর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক পরিষদ।
গতকাল ৯ই নভেম্বর বিকেলে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে রাজবাড়ী সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করে। সমাবেশ শেষে সেখানে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে পান্না চত্বর প্রদক্ষিণ করে প্রেসক্লাব এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, তিন দফা দাবিতে আমরা ঢাকায় রজপথে নেমে মিছিল মিটিং করেছি আন্দোলন করেছি। কিন্তু যখন আমরা শাহবাগে পৌঁছেছি তখন সরকারের লালায়িত সাবেক সরকারের মতই একদল পুলিশ বাহিনী শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলা করে। তারা আমাদের শিক্ষকদের ওপর নির্যাতন করে, আমাদের ওপর গুলি ছুঁড়ে আমাদের মানুষ মনে করে না তারা। আমাদের শিক্ষক ভাইদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আমাদের শিক্ষক ভাইদের রক্তের দাগ এখনো রাজপথে আছে।
বক্তারা আরও বলেন, আজকে আমরা রাজবাড়ীর রাজপথে নেমেছি দশম গ্রেড আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের শিক্ষকদের প্রাণের দাবি ১০ম গ্রেড। সরকারের অন্যান্য সকল জায়গায় এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে দশম গ্রেডে চাকরি করছে। কিন্তু শুধু আমাদের শিক্ষকদের বেলায় ব্যতিক্রম। কিন্তু আমরা আর সহ্য করবো না। ফ্যাসিস্ট হাসিনার সময়ে আমাদের শিক্ষকদের ওপর যেভাবে নির্যাতন চালানো হয়েছিলো, সারাদেশের মানুষের ওপর যেভাবে নির্যাতন চালানো হয়েছিলো ইউনূস সরকার তার ব্যতিক্রম ঘটায়নি। গতকাল আমার ভাইয়ের তাজা রক্ত ঝরেছে রাজপথে। আজ থেকে আমরা কর্মবিরতি পালন করছি, আমাদের এই কর্মবিরতি চলবেই। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আমাদের কর্মবিরতি চলবে।
এ সময় রাজবাড়ী সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মহিলা সম্পাদক রিনা পারভীন, গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোহানা ও চর জৌকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিফ বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সদর উপজেলার ১৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করে।



