রাজবাড়ীতে সরকারী মসজিদের ইমামের বিরুদ্ধে এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ তুলেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল।
গতকাল ১২ই জানুয়ারী দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক মতবিনিময় সভায় উন্মুক্ত বক্তব্যে তিনি বিষয়টি উত্থাপন করেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল রাজবাড়ী-১ আসনের বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সভায় রাজবাড়ী-১ ও ২ আসনের বিভিন্ন দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল তার বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনের আচরণ বিধিতে বলা হয়েছে কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা কোন ধর্মকে ব্যবহার করে ভোট আদায় করা সেটা মসজিদে হোক বা অন্য কোন উপসানলয়ে হোক করা যাবে না। আমাদের কাছে অভিযোগ এসেছে সাধারণ মহিলাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে নেওয়া হচ্ছে।
এমনও অভিযোগ আছে সরকারী মসজিদের ইমাম তিনি বিভিন্ন জায়গায় কোন প্রার্থীর পক্ষে বলছে ‘ভোট দিলে বেহেশস্তে যাওয়া যাবে’ এ রকম ধরনের কথা আমরা শুনছি। আমরা এখনি এটা সে রকম অভিযোগ আকারে দিচ্ছি না, এখনো সময় আছে। আমি অনুরোধ করবো সকলকে আমরা যেনো এরকম কাজ থেকে বিরত থাকি। রাজবাড়ী একটি শান্তির শহর, এখানে আমরা সকলে মিলেমিশে থেকেছি। আমরা চাই এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনে মানুষ যাকে ভোট দিবে সেই ভোটকেই আমরা মেনে নিব।
তিনি আরও বলেন, আমরা সবসময় যে জিনিসটা মনে করি যে যারা প্রকৃতই অপরাধী বা দোষী সে যে দলেরই হোক তাদেরকে এই নির্বাচনের আগে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু প্রকৃত পক্ষেই দোষী বা প্রকৃত অর্থেই সে যদি সন্ত্রাসী না হয়, আবার তাকে যদি গ্রেপ্তার করা হয় সে ক্ষেত্রে নির্বাচনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও সভায় বিএনপির আরেক নেতা একই বিষয়ে জেলা মডেল মসজিদের ইমামকে ইঙ্গিত করে এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার বিষয়টি উত্থপন করেন।
.



