রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে মেসার্স করিম ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহা (২৯)কে গাড়ি চাপা দিয়ে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত বিতর্কিত ঠিকাদার ও পদত্যাগী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন(৫৫) ও তার গাড়ি চালক মোঃ কামাল হোসেন সরদার (৪৩)কে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল ১৭ই জানুয়ারী বিকেলে তাদেরকে রাজবাড়ীর আমলী আদালতে হাজির করা হলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন হাসানের কাছে গাড়ি চালক কামাল হোসেন সরদার ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত ১৬ই জানুয়ারী ভোর সাড়ে ৪টার দিকে আবুল হাসেম সুজন গোয়ালন্দ মোড়ে মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে ৫হাজার টাকার তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাবার সময় পাম্পের কর্মচারী রিপন সাহা তার গাড়ির পিছন পিছন ছুটে গাড়িকে আটকানোর চেষ্টা কালে গাড়ির চাকার নিচে পিষ্ট করে রিপন সাহাকে হত্যা করা হয়।
পরবর্তীতে সংবাদ পেয়ে জেলা পুলিশের একাধিক টিম এবং হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়ি নাম্বার সনাক্ত করে। সনাক্তকৃত গাড়িটি কালো রংয়ের জিপ গাড়ি যার রেজিস্ট্রেশন নম্বরর ঢাকা-মেট্রো-ঘ-১৩-৩৪৭৬। পরে সিসিটিভি ফুটেজের তদন্তে দেখা যায় যে, গাড়ির মালিক মোঃ আবুল হাসেম সুজন।
ওই দিন দুপুরে রাজবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করে প্রথমে গাড়ির মালিক আসামী মোঃ আবুল হাসেম সুজনকে রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে তার হেফজত হতে গাড়িটি উদ্ধার ও জব্দ করে। এরপর মোঃ আবুল হাসেম সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী ড্রাইভার কামাল সরদারকে বানীবহ নিচপাড়া তার বসতবাড়ি হতে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আবুল হাসেম সুজন রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের মৃত জোনাব আলী মন্ডলের ছেলে এবং তার গাড়ি চালক মোঃ কামাল হোসেন সরদার বানীবহ নিচপাড়া গ্রামের আক্তার সরদারের ছেলে।
গ্রেফতারকৃত আবুল হাসেম সুজন বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সুবিধাভোগী ঠিকাদার হিসেবে সুপরিচিত। ঠিকাদারী কাজের সুবিধার্থে আবুল হাসেম সুজন ২০১৯ সালের ২৮শে জানুয়ারী সাংবাদিক সম্মেলন করে স্বেচ্ছায় রাজবাড়ী জেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং জেলা যুবদলের সভাপতি পদসহ দলীয় সকল পদ থেকে পদত্যাগ করে।
এ ঘটনায় নিহত রিপন সাহার ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে গত ১৬ই জানুয়ারী রাজবাড়ী সদর থানায় পেনাল কোডের ৩০২/৪২০/৩৪ ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৪। মামলায় ১নম্বর আসামী করা হয়েছে সুজনকে এবং ২নম্বর আসামী করা হয়েছে সুজনের গাড়ি চালক কামাল হোসেন সরদারকে। গ্রেফতারকৃত আসামীদের গতকাল ১৭ই জানুয়ারী আদালত জেল হাজতে প্রেরণ করেছে।



