রাজবাড়ী-২ আসনের কালুখালী উপজেলায় বিএনপি’র জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচন কার্যক্রম জোরদার করতেই এই কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ১৮ই জানুয়ারী কালুখালী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করেন রাজবাড়ী-২ নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়কারী ও পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান।
কমিটিতে কে.এম. আইনুল হাবিবকে চেয়ারম্যান, মোঃ শাহজাহান আলী মাস্টারকে সদস্য সচিব এবং এডভোকেট রকিবুল ইসলাম রুমাকে সমন্বয়ক করে ৫৫ জনের এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, কালুখালী উপজেলায় গঠিত এই কমিটি ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, নির্বাচনী প্রচারণা এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত এই কমিটি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলের নেতারা।
বিএনপি নেতারা জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কালুখালী উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বর্তমানে ৭ জন প্রার্থী বৈধ হিসেবে রয়েছে। তাদের মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় প্রার্থী হারুন-অর রশিদ সুবিধাজনক অবস্থানে রয়েছে।



