রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে গাড়ি চাপার মাধ্যমে পেট্রোল পাম্পের কর্মচারী রিপন সাহা (২৯)কে হত্যার ঘটনায় তার বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম।
গতকাল ১৮ই জানুয়ারী সকাল ৮টার দিকে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়ায় রিপন সাহার বাড়িতে গিয়ে সমবেদনা জানান এডঃ নূরুল ইসলাম।
এ সময় রাজবাড়ী পৌর যুব বিভাগের সভাপতি রাজু আহমেদ, খানখানাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও সেক্রেটারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী-১ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম নিহত রিপন সাহার বাবা পবিত্র সাহা, মা শিল্পী রানী সাহা, ছোট ভাই প্রতাপ সাহা, রিপন সাহার দুই বোনসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনদের সমবেদনা জানান এবং হত্যাকান্ডের ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১৬ই জানুয়ারী ভোর সাড়ে সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে বিতর্কিত ঠিকাদার ও পদত্যাগী জেলা যুবদল সভাপতি আবুল হাশেম সুজন তার ব্যবহৃত জিপ গাড়িতে ৫ হাজার টাকার তেল নিয়ে টাকা পরিশোধ না করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টাকা আদায়ের উদ্দেশ্যে পাম্পের অয়েলম্যান রিপন সাহা গাড়িকে পথরোধ করতে গেলে তাকে গাড়ি দিয়ে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে সুজন। এতে ঘটনাস্থলেই রিপন সাহা নিহত হয়।
এ ঘটনায় রিপন সাহার ছোট প্রতাপ সাহা বাদী হয়ে থানায় হত্যা ও প্রতারণা মামলা করলে পুলিশ গাড়ির মালিক ঠিকাদার আবুল হাসেম সুজন(৫৫) এবং গাড়ি চালক মোঃ কামাল হোসেন সরদার (৪৩)কে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।



