আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ রাজবাড়ী জেলার দুইটি আসনে প্রথমবারের মতো ‘পোস্টাল ব্যালটে’ ভোট দেবে ১৩ হাজার ১৪৯ জন।
এর মধ্যে নিবন্ধন করা প্রবাসী, সরকারি চাকরিজীবী, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা ভোটাররা রয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৫ই জানুয়ারী পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ছিল। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে পোস্টাল ব্যালট বিডি অ্যাপসের মাধ্যমে আবেদন করেছে ১৩ হাজার ২১৯ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ২২৯ জন ও নারী ১ হাজার ৯৯০ জন। মোট আবেদনের মধ্যে ১৩ হাজার ১৪৯ জন এর আবেদন অনুমোদিত হয়েছে। আর ৭০ জনের আবেদনে ত্রুটি থাকায় সেই আবেদনগুলো অনুমোদিত হয়নি। আসন ভিত্তিতে রাজবাড়ী-১ আসনে মোট আবেদন করেছে ৫ হাজার ১০০ জন। পুরুষ ৪ হাজার ৩৪৮ জন ও নারী ৭৫২ জন। মোট আবেদনের মধ্যে অনুমোদিত হয়েছে ৫ হাজার ৬৩ জনের আবেদন। আবেদনে বিভিন্ন ত্রুটি থাকায় ৩৭ জনের আবেদন অনুমোদিত হয়নি।
রাজবাড়ী-২ আসনে মোট আবেদন করেছে ৮ হাজার ১১৯ জন। পুরুষ ৬ হাজার ৮৮১ জন ও নারী ১ হাজার ২৩৮ জন। মোট আবেদনের মধ্যে অনুমোদিত হয়েছে ৮ হাজার ৮৬ জনের আবেদন। আবেদনে বিভিন্ন ত্রুটি থাকায় ৩৩ জনের আবেদন অনুমোদিত হয়নি।
জেলা নির্বাচন অফিসার সেক মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজ নিজ পছন্দমতো ভোট দিয়ে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, এবারই প্রথম প্রবাসী, সরকারি চাকরিজীবী, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবে।
তিনি আরও বলেন, রাজবাড়ী-১ আসনে ৫ হাজার ৬৩ জন এবং রাজবাড়ী-২ আসনে ৮ হাজার ৮৬ জন পোস্টাল ব্যালটে প্রদান করবে। রাজবাড়ী-১ আসনের জন্য ১৩টা বৈধ ব্যালট বাক্স ও ২টা বাতিল বাক্স থাকবে এবং রাজবাড়ী-২ আসনের জন্য ২১টা বৈধ ব্যালট বাক্স ও ২টা বাতিল ব্যালট বাক্স থাকবে।
পোস্টাল ব্যালটের জন্য নির্দিষ্টকৃত ব্যালট বাক্স সমূহ জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী ও প্রতিনিধি এবং সাংবাদিকদের সম্মুখে লক করা হয়েছে।
ভোট গ্রহণের দিন ১২ই ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টায় এই ব্যালট বক্স খোলা হবে।
উল্লেখ্য, জেলার দুটি আসনের মোট ভোটার ১০ লাখ ৪ হাজার ৯৯। এর মধ্যে রাজবাড়ী-১ আসনের ভোটার ৪ লাখ ৫২ হাজার ১৯২ জন এবং রাজবাড়ী-২ আসনের ভোটার ৫ লাখ ৫১ হাজার ৯০৭ জন। জেলায় মোট ৩৫৪টি কেন্দ্রের ২হাজার ১১৫টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজবাড়ী-১ আসনে ৪জন ও রাজবাড়ী-২ আসনে ৯জন প্রার্থীসহ মোট ১৩জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করবে।



