ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া- পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ করা হবে। দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণ করা হলে এ অঞ্চলে বালু কণা সোনায় পরিনত হবে।
গতকাল ২৩শে জানুয়ারী বিকেলে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি আয়োজনে দৌলতদিয়া মিনি টার্মিনালে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোহন মন্ডলে সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, গত ১৭ বছরের দুঃশাসনের পর আজ সময় এসেছে পরিবর্তনের। এই অঞ্চলের উন্নয়নে দ্বিতীয় পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ মোঃ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ হালিম ফকির, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক দেওয়ান ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা বক্তব্য রাখেন।
নির্বাচনী প্রচারণার ২য় দিনে গোয়ালন্দ উপজেলায় সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ধানের শীষ শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে। সকাল মুন্সি বাজার এলাকা গণসংযোগ করেন। বিকালে মিনি টার্মিনালে পথসভা শেষে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দৌলতদিয়া ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে পৃথক পৃথক অনুষ্ঠানে যোগদান করেন। রাস্তার মোড়ে মোড়ে নারী পুরুষ মিলিত হয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে শুভেচ্ছা জানান। তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের নেতা রেজাউল করিম নিলু মন্ডল ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়াডের সাবেক সদস্য কাশেম আলী শেখ বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের হাতে হাত দিয়ে বিএনপিতে যোগদান করেন।



