ঢাকা বুধবার, মার্চ ৪, ২০২৬
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছদ্মবেশে দুদকের অভিযানে মিলেছে অনিয়মের সত্যতা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০১-২৯ ১৪:২৪:৫৯

চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
 গতকাল ২৯শে জানুয়ারি বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের একটি টিম পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
 অভিযানে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ ও সহকারী পরিদর্শক মোঃ শামীম সহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 
 দুদক সূত্রে জানা গেছে, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে পাংশা হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আগত রোগীদের সঙ্গে কথা বলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সেবার মান, সরবরাহকৃত ওষুধের প্রাপ্যতা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোররুম, ওষুধ বিতরণ ব্যবস্থা এবং রান্না ঘর সরেজমিনে পরিদর্শন করে।
 উপস্থিত রোগী ও রোগীদের অ্যাটেনডেন্টদের সঙ্গে কথা বলে দুদক টিম জানতে পারে, প্রেসক্রিপশনে উল্লেখিত সকল ওষুধ তারা পাচ্ছেন না। এ সময় দুদক টিম কর্তৃক হাসপাতালের ওষুধের স্টক ও বিতরণ সংক্রান্ত রেজিস্টার সংগ্রহ করা হয়, যেখানে নানা অনিয়ম পরিলক্ষিত হয়।
 দুদক টিমের পরিদর্শনকালে হাসপাতালের হিসাব ক্লার্ক কর্তৃক সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ইউজার ফি গ্রহণের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন কোন সন্তোষজনক সদুত্তোর প্রদান করতে পারেননি। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
 উল্লেখ্য, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে স্থানীয়ভাবে কর্মরত চিকিৎসক ও কর্মচারীদের সিন্ডিকেট। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন সহ কর্মরত অনেক চিকিৎসক-কর্মচারীর অনিয়ম-দুর্নীতি ও ক্লিনিক বাণিজ্যর কারণে এই স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সুচিকিৎসা পায়না বলে অভিযোগ রয়েছে।
 

বালু কাটা বন্ধসহ চাঁদাবাজ ও মাদক কারবারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের
কালুখালীর চর শ্রীপুরে কৃষকের লীজি জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
 কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে পুকুরে ফেলে নষ্ট করেছে দুর্বৃত্ত চক্র
সর্বশেষ সংবাদ