ভেদাভেদ ভুলে রাজবাড়ী-১ আসনের বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ধানের শীষের প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গোয়ালন্দে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডঃ মোঃ আসলাম মিয়া।
গতকাল ৩১শে জানুয়ারি বিকেল ৪টার দিকে গোয়ালন্দ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে উপজেলা বিএনপির আয়োজনে কয়েক’শত নেতাকর্মী ও সমথর্কদের নিয়ে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডঃ মোঃ আসলাম মিয়া রেলস্টেশন, বাজারের বিভিন্ন স্থানে ভোটারদের ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মজি মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জিয়াউল হুদা উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সানোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু ছাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল সরদার ও সাংগঠনিক সম্পাদক হেলাল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে পথসভায় এডঃ আসলাম মিয়া নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, রাজবাড়ী জেলা বিএনপির সকল কোন্দল ও ভেদাভেদ ভুলে সবাইকে একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিপুল ভোটে জয়ী করতে হবে। তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।



