রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল হিজাযীর পক্ষে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩১শে জানুয়ারি বিকেলে কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি রতনদিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালুখালী রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয়। পরে রেলওয়ে স্টেশন চত্বরে নির্বাচনী শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জামিল হিজাযী বলেন, এই এলাকার প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো চাঁদাবাজি। আমরা এই রাজবাড়ীর মাটি থেকে চাঁদাবাজি নির্মূল করে ছাড়বো। এ অঞ্চলের হাট-বাজারে মাত্রা অতিরিক্ত খাজনা নেওয়া হয় সেটা আমরা বন্ধ করে দিবো।
তিনি বলেন, পদ্মা নদী ও পদ্মা নদীর তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে আমরা রিভার এবং ভিলেজ টুরিজম করবো। নারী শিক্ষার জন্য কালুখালীতে যে মহিলা কলেজটি রয়েছে সেটি এখনো এমপিওভুক্ত হয়নি আমরা সেটিকে এমপিওভুক্ত করে সরকারিকরণের জন্য দাবি জানাবো।
জামিল হিজাযী আরো বলেন, এই কালুখালী উপজেলা একটি কৃষি প্রধান অঞ্চল। এই অঞ্চলের কৃষকরা ট্রাকে করে উচ্চ মূল্যে দিয়ে কৃষি পণ্যে ঢাকায় নিয়ে যায়। আমরা নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের কৃষি পণ্য পরিবহনের জন্য ট্রেনের ব্যবস্থা করবো।
তিনি আরো বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে নিয়মিত জনগণের পাশে থাকাই আমার মূল লক্ষ্য। তিনি ভোটারদের কাছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী মিছিল ও পথসভায় বালিয়াকান্দি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, কালুখালী উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু সাইদ নিলু, পাংশা পৌর জামায়াতের নায়েবে আমীর মনজুর রহমান, রাজবাড়ী জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক পলাশ খান আব্দুল্লাহ ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন।
বক্তারা আসন্ন নির্বাচনে জামিল হিজাযীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, রাজবাড়ী-২ আসনের মানুষ পরিবর্তন চায় এবং এই পরিবর্তনের নেতৃত্ব দিতেই ১১ দলীয় জোট মাঠে নেমেছে।



