ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
গোয়ালন্দ মোড়ে আইসক্রিম কারখানার মালিকের মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবীতে মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৩-০৬ ১৪:১৯:২২

 রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে জমজম আইসক্রিম কারখানার মালিক শাহাদাত শেখ ও তার স্ত্রী’র বড় ভাই আনিস শেখকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে কারামুক্ত করার দাবীতে মানববন্ধন হয়েছে।
 গতকাল ৬ই মার্চ বিকেল ৩টায় শাহাদাত শেখ ও আনিস শেখের পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল জামে মসজিদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
 মানববন্ধনে শাহাদাত শেখের স্ত্রী আকলিমা বেগম, মা সাজেদা বেগম, ভাই শাহিন শেখ, আনিস শেখের স্ত্রী রতœা বেগম, মা আমেনা বেগম ও শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব বক্তব্য দেন।
 শাহাদাত শেখের স্ত্রী আকলিমা বেগম বলেন, গোয়ালন্দ মোড় মিল মার্কেটের আল মদিনা স্টোরের মালিক নাসির আলমের সাথে আমার স্বামীর ব্যবসায়ীক লেনদেন ছিল। আমার স্বামী নাসির আলমের কাছে ৯ লাখ টাকা ও একটি ফ্রিজ পাবে। এ বিষয় নিয়ে নাসির আলমের সাথে আমার স্বামীর দ্বন্দ্ব চলছিল। টাকা ও ফ্রিজ যাতে না দিতে হয় এজন্য নাসির আলম ষড়যন্ত্র করে আমার স্বামী ও বড় ভাই আনিস শেখের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তাকে কে বা কারা কুপিয়েছে আমরা জানি না। কিন্তু মিথ্যা মামলা দিয়ে আমার স্বামী ও ভাইকে জেলে ঢুকিয়েছে। আমি আমার শিশু সন্তান নিয়ে খুব কষ্টে আছি। সন্তানের দুধ কিনতে পারছিনা। আমি মিথ্যা মামলা থেকে আমার স্বামী ও ভাইয়ের মুক্তি চাই।
 শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও গোয়ালন্দ মোড়ের ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব বলেন, শাহাদাত খুব ভালো মানুষ। সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মিথ্যা মামলা দিয়ে তাকে ও তার স্ত্রীর বড় ভাই আনিসকে জেলে পাঠানো হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে শাহাদাত ও আনিসকে মিথ্যা মামলা থেকে অব্যাহতির মাধ্যমে মুক্তির দাবী জানাই।
 উল্লেখ্য, গোয়ালন্দ মোড় মিল মার্কেটের আল মদিনা স্টোরের মালিক নাসির আলম ও তার ছেলে তানভীর আলমকে গত ২৪শে ডিসেম্বর রাত সোয়া ১০ টার দিকে গোয়ালন্দ মোড় খান সুপার মার্কেটের পাশে কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নাসির আলম বাদী হয়ে গত ৭ই জানুয়ারী শাহাদাত শেখ ও আনিস শেখের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করে। এ মামলায় গত ১৯শে ফেব্রুয়ারী শাহাদাত শেখ ও আনিস শেখকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তারা জেল হাজতে রয়েছে।

 

 রাজবাড়ীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
 মিজানপুরে বজ্রপাতে পিতা  নিহত॥শিশু কন্যা আহত
 গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ