রাজবাড়ী সদর উপজেলায় রমজান উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল ১৬ই মার্চ সকাল ১১টায় গোয়ালন্দ মোড় ও আলাদিপুর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে উক্ত জরিমানা করা হয়
জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও আলাদিপুর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রিরোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রি না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। এ কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনজনিত অপরাধে ২টি প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, ভোক্তা অফিসের পেশকার সবুজ হোসেন সহ জেলা পুলিশের একটি দল অংশ নেয়।



