রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৩নং ফেরি ঘাটে বাস ডুবিতে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ই এপ্রিল দুপুরে ৩নং ফেরি ঘাটে গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সহ-সভাপতি সালাম মোল্লা ও ৩নং ফেরি ঘাট এলাকাবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা মনির বলেন, ৩নং ফেরি ঘাটে বাস ডুবির দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা চাই এমন ঘটনা যেনো আর না ঘটে।
গোয়ালন্দ কৃষক দলের সহ-সভাপতি সালাম মোল্লা বলেন, গত ২৫শে মার্চ এই ফেরি ঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পন্টুন থেকে পড়ে যায়। এই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের স্মরণে আজ এখানে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। আল্লাহ যেন তাদের বেহেশতের নসিব করে।
দোয়া মোনাজাত করেন দৌলতদিয়া মসজিদে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী কমপ্লেক্সের ইমাম আব্দুল সালাম জিহাদী।


