ঢাকা সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
  • মইনুল হক মৃধা
  • ২০২৬-০৪-১২ ১৫:৩২:০৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার বাসিন্দা মিষ্টির হোটেলের কর্মচারী সুজন(৩৫) নামের এক যুবক অপচিকিৎসার শিকার হয়ে ধুঁকছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 
 বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেখানে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ হতে প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানানো হয়েছে। 
 গতকাল ১২ই এপ্রিল দুপুরে সরেজমিন ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, গত রোজার আগে সুজনের বা পায়ের উরুতে একটা ফোড়া হয়। চিকিৎসার জন্য তিনি যান দৌলতদিয়া সিনেমা হল সংলগ্ন পল্লী চিকিৎসক মোঃ সাইফুল ইসলামের কাছে। সাইফুল তাকে ব্যাথানাশক ঔষধ দেন। কিন্তু ফোঁড়ার ব্যথা না কমলে পরবর্তীতে তিনি ফোঁড়া পাঁকানোর ঔষধ প্রদান করেন। তাতেও সুজন সুস্থ না হলে পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম সুজনকে ফরিদপুর জনতা ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেয়।
 ভুক্তভোগী সুজন ফরিদপুরে অন্য এক জায়গায় ফোঁড়ার অপারেশন করালে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে পরিবার সূত্রে জানা যায়।
 ভুক্তভোগীর শ্বশুর মোহাম্মদ বেপারী জানায়, তার বড় মেয়ের জামাই সুজনের বাবা-মা কেউ নেই। আমার বাড়ির মধ্যেই ঘর তুলে বসবাস করছে। ফোঁড়ার ব্যথার জন্য জন্য সাইফুল ডাক্তার তাকে ঔষুধ দেয় কিন্তু তাতে ব্যথা না কমলে পরে ফোঁড়া পাকার ঔষধ দেয়। পরে ফোঁড়া ফেটে আরও খারাপ অবস্থা হয়। তখন সাইফুল ডাক্তার ফরিদপুরে নিয়ে যেতে বলে। ফরিদপুরে ভুল অপারেশন করলে তাকে ঢাকা হাসপাতালে নিয়ে যেতে বলেন। এখন আমার মেয়ে জামাই ঢাকা হাসপাতালে ভর্তি রয়েছে। তার অবস্থা খুবই খারাপ। আমি তার সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও দেশের হৃদয়বান মানুষদের কাছে সাহায্য প্রার্থনা করছি।
 ভুক্তভোগীর শালিকা রুমা বেগম বলেন, আমার বোন জামাই ফরিদপুর মেডিকেল কলেজের সামনে তার পরিচিত উজ্জ্বল নামের এক ব্যক্তি অথবা উজ্জল ক্লিনিকে গিয়ে ভুল চিকিৎসার শিকার হয়। ইতিমধ্যে তার চিকিৎসায় আমরা ধারদেনা করে ৪/৫ লক্ষ টাকা খরচ করে ফেলেছি। এখন আর পারছিনা। তার তিনটি ছেলেমেয়ে। তার কিছু হয়ে গেলে ছেলে-মেয়ে ও আমার বোন অথই সাগরে পড়ে যাবে।
 ভুক্তভোগীর স্ত্রী নাছিমা বেগম জানান, গোয়ালন্দ ও ফরিদপুর ভুল চিকিৎসার কারণে তার স্বামী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি খুবই অসুস্থ। চিকিৎসক বলেছে সুস্থ হতে সময় লাগবে। 
 তিনি আরও জানান, আমরা অত্যন্ত গরিব ও অসহায় মানুষ। স্বামীর হোটেলের কাজের উপরে তাদের সংসার চলছিল কাজটিও দীর্ঘ এক মাস ধরো বন্ধ রয়েছে। আমরা আর তার চিকিৎসার ব্যয় কুলিয়ে উঠতে পারছিনা। আমি সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।
 সাহায্য পাঠানোর জন্য নাছিমা বেগম, পার্সোনাল বিকাশ নম্বর ০১৭৪৫২০৫০৪৪ তে যোগাযোগ করতে আবেদন করা হয়েছে।   
 এ ব্যাপারে পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম দাবি করেন, সুজনের বাম পায়ের ফোঁড়ার চিকিৎসার জন্য আমি শুধু ব্যথানাশক ও গ্যাসের ঔষধ দিয়েছিলাম। তাতেও তার কাজ না হলে আমি তাকে উন্নত ও দ্রুত চিকিৎসার জন্য ফরিদপুর জনতা ক্লিনিকে ভর্তি হওয়ার পরামর্শ দেই। কিন্তু তিনি সেখানে চিকিৎসা না নিয়ে অন্য কোথাও চিকিৎসা নেয় বলে শুনেছি।

 

পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
দাদশীতে বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযানে জরিমানা
সর্বশেষ সংবাদ