রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নানা সমস্যায় চলছে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অপারেশন থিয়েটার এবং গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ও এক্স-রে মেশিন থাকার পরও টেকনোলজিস্ট না থাকায় এ সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। প্রায় ৫বছর ধরে এক্স-রে বিভাগের টেকনোলজিস্ট পদটি শূন্য। অ্যানেস্থেসিয়া চিকিৎসক না থাকায় অপারেশন সেবাও বন্ধ। ২৫জন চিকিৎসকের মধ্যে বর্তমানে ১১জন চিকিৎসক প্রতিদিন ৫০০ থেকে ৬০০ রোগীকে দিয়ে যাচ্ছে চিকিৎসা সেবা। জরুরী সেবা দিতে হিমসিম খাচ্ছেন দায়িত্বরত চিকিৎসকরা। আবার চরম সংকটে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনও।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০১৭ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। এরপর সেখানে মেডিসিন, সার্জারী, গাইনী, শিশু(২), নাক-কান-গলা, চক্ষু, অর্থপেডিক্স, চর্ম ও যৌন, কার্ডিওলজি ও অ্যানেস্থেসিয়াসহ ১১টি জুনিয়র কনসালটেন্ট পদ সৃষ্টি হয়। ১১টি পদের মধ্যে এখন ১জন শিশু ও গাইনী চিকিৎসক রয়েছে। বাকী ৯টি পদে ২০১৭ থেকে এখন অবধি কোন পদায়নই হয়নি।
অন্যদিকে ১৪টি মেডিকেল অফিসারের মধ্যে শূন্য রয়েছে ৩টি পদ। আর ১১টি পূরণ পদের মধ্যে আবার দীর্ঘদিন প্রেষণে রয়েছে ২জন চিকিৎসক। মোট ২৫ জন চিকিৎসকরে মধ্যে এখন রয়েছেন ১১ জন। এই ১১ জন চিকিৎসক দিয়েই চলছে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম।
এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে বিভাগের টেকনোলজিস্ট পদটিও শূন্য রয়েছে প্রায় ৫ বছর ধরে। ফলে এক্স-রে মেশিন থাকার পরও টেকনোলজিস্ট না থাকায় এক্স-রে সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। বঞ্চিত হচ্ছে শত শত রোগীরা। ফলে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে ও অপারেশনের জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে স্থানীয় ক্লিনিকগুলোতে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোঃ কামরুজ্জামান কামাল জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অপারেশন থিয়েটার এবং গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক থাকার পরও অ্যানেস্থেসিয়া চিকিৎসক না থাকায় অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে জরুরী প্রসূতি সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজবাড়ী জেলা সিভিল সার্জনের মাধ্যমে বিশেষ উদ্যোগে সপ্তাহে একদিন অ্যানেস্থেসিয়া চিকিৎসক এনে অপারেশন করান। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এক্স-রে মেশিন থাকলেও টেকনোলজিস্ট না থাকায় তা কাজে আসছে না। ফলে এ সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের সাধারণ মানুষ।
তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন গড়ে জরুরী বিভাগ হতে ১২০ থেকে ১৫০ জন এবং বর্হিঃবিভাগ হতে প্রায় ৪০০ রোগী সেবা নিয়ে থাকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার হলেও এখানে প্রতিদিন ভর্তি থাকে ৫০ থেকে ৬০ জন রোগী। এতো রোগীর প্রতিদিন সেবা প্রদান করতে চরম হিমসিম খেতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন বলেন, শুধু চিকিৎসক সংকটই নয়। এখানে নানা ধরণের সংকট রয়েছে। চিকিৎসক, সেবিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক সুবিধা না থাকায় কেউ থাকতে চান না। স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিচালনার জন্য ৭০ জনের মতো জনবলকে আবাসিক থাকার প্রয়োজন। সেখানে মাত্র ১৪ জনের থাকার ব্যবস্থা রয়েছে। প্রায় ১৫ বছর আগেই ৩টি দ্বিতল এবং ২টি একতলা মোট ৫টি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ভবনগুলো সংস্কারের উদ্যোগ নেই। সংকটের কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। কিন্তু সংকট নিরসনে কোন উদ্যোগ নেই।
তিনি আরও বলেন, প্রতিদিন শতশত রোগীর সেবা দিতে চরম হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের। চিকিৎসকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার কারণে এখনো টিকে আছে হাসপাতালের সেবা কার্যক্রম।



