প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে। তবে কোন ভোগান্তি ছাড়াই পারাপার হতে পারছে যাত্রীরা।
গতকাল ১৮ই মার্চ সকাল ১০টায় দৌলতদিয়া লঞ্চ এবং ফেরী ঘাটে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরী ও লঞ্চে যানবাহনের পাশাপাশি যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। একই সঙ্গে ছোট গাড়ি ও মোটর সাইকেলের ভিড় ছিল চোখে পড়ার মতো।
সরেজমিনে দেখা যায়, যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরী ও লঞ্চ চলাচল রয়েছে। ফলে ঘাট এলাকায় যানজট নেই। ঘাটে লঞ্চ দাড়ানোর সঙ্গে সঙ্গে বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশের পক্ষ থেকে হ্যান্ড মাইকে যাত্রীদের জন্য সতর্কতামূলক প্রচার করা হচ্ছে।
যাত্রীরা দৌলতদিয়া প্রান্তে নেমে ভোগান্তি ছাড়াই বিভিন্ন বাহনে গন্তব্যে ছুটছে। যাত্রীদের সঙ্গে কথা বললে তারা জানায়, ভোগান্তি ছাড়াই আসতে পেরেছে এবং তবে কিছু কিছু লঞ্চে অতিরিক্ত যাত্রি দেখা গেছে।
অন্যদিকে ঘাট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাস টার্মিনাল, লঞ্চ ও ফেরী ঘাট এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশসহ ফায়ার সার্ভিস কর্মীদের।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন বলেন, সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোন প্রকার যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরী দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
নৌ-পুলিশ ফরিদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোঃ সাজিদ হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘœ করতে নৌ পুলিশসহ সবাই সম্মিলিতভাবে কাজ করছি। এর মাধ্যমে আনন্দময় ঈদযাত্রা হবে। নৌ-পুলিশ নদীসহ ঘাট এলাকায় তৎপর রয়েছে। প্রতিটি ঘাটে সার্বক্ষণিক মনিটরিং করছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, ঘাটের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও ভোগান্তি রোধে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে। যাত্রীদের সুবিধার্থে বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে দেওয়া হয়েছে। যানবাহনে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট কাজ করছে। স্বস্তির ঈদ যাত্রা উপহার দিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সমন্বয় করে কাজ করছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ঈদে ঘরমুখী যাত্রীদের বাড়ি ফেরা ও ঈদ-পরবর্তীতে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে পুলিশ কাজ করছে। পুলিশের মোবাইল পেট্রল, ফিক্সড পেট্রল ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চেকপোস্ট রয়েছে। এ ছাড়া, ঘাট এলাকায় পোশাকে, সাদা পোশাকে ডিবি পুলিশ নিয়োজিত রয়েছে।



