ঢাকা সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
জন্ম ও মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগে শীর্ষে রাজবাড়ী জেলার তিন ইউএনও
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৪-২৫ ১৫:২২:৪৪

 জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে ঢাকা বিভাগে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে রাজবাড়ী জেলা। 
 গত মার্চ-২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা বিভাগের সেরা ৩জন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিসেবে স্থান পেয়েছেন রাজবাড়ী জেলার ৩জন কর্মকর্তা। যা জেলার জন্য গৌরবজনক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
 প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১ম স্থান অর্জন করেছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। তিনি ৯২ শতাংশ কাভার করেছেন।
 ২য় স্থানে রয়েছেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। তিনি ৮৯ শতাংশ কাভার করেছেন এবং ৩য় স্থান অর্জন করেছেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। তিনি ৮০ শতাংশ কাভার করেছেন।
 সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা, অনলাইন সেবা সহজীকরণ, ইউনিয়ন পর্যায়ে তদারকি জোরদার করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এসব কার্যক্রমের সমন্বিত প্রয়াসের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
 জেলা প্রশাসনের সার্বিক দিকনির্দেশনা ও উপজেলা প্রশাসনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নিবন্ধন কার্যক্রমে গতি এসেছে বলে জানা গেছে। পাশাপাশি মাঠপর্যায়ে জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
 বিশেষ করে বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলায় নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেবা গ্রহীতাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, তথ্য হালনাগাদ এবং ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম পরিচালনার ফলে সেবার মান বৃদ্ধি পেয়েছে। এ সাফল্যে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সন্তোষ প্রকাশ করা হয়েছে।
 সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করে তোলার জন্য কাজ করা হবে।
 বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন পারফরম্যান্স অনুযায়ী ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে বালিয়াকান্দি উপজেলা ১ম স্থান অর্জন করেছে।  এই অর্জনের অন্যতম অংীশদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বালিয়াকান্দি, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, বালিয়াকান্দি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ও সকল গ্রামপুলিশ সদস্য। 
 তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সঠিক সময়ে সঠিক ভাবে হলে সরকারি সকল সুবিধা সমূহ ধীরে ধীরে জনগণের দোর গোড়ায় পৌঁছে যাবে।
 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় বলেন, ঢাকা বিভাগের মধ্যে আমরা ২য় স্থান অর্জন করেছি। এই অর্জন সম্ভব হয়েছে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতার জন্য।
 কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন, মার্চ ২০২৬ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন পারফরম্যান্স অনুযায়ী ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে কালুখালী উপজেলা ৩য় স্থান অর্জন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও কষ্টের ফসল এই স্বীকৃতি। এটা কালুখালীবাসীর জয়। 
 জেলা প্রশাসনের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এ সাফল্য ধরে রাখতে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

রাজবাড়ী রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান সালাম মিয়ার দায়িত্ব গ্রহণ॥১ম সভায় বেরিয়ে এলো থলের বিড়াল
জাতীয় আইনগত সহায়তা দিবস কাল॥রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচি
 রাজবাড়ী হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু
সর্বশেষ সংবাদ