ঢাকা বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ২৫০ শয্যা চালুর প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-২৮ ১৫:৩৩:৪৭

 অবশেষে দীর্ঘদিন পর রাজবাড়ী জেলা সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা চালুর প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
 জানা গেছে, স্বাস্থ্য বিভাগ থেকে বিভিন্ন সময় ৫টি পৃথক প্রস্তাবের মাধ্যমে ৬টি স্বাস্থ্য কেন্দ্রের শয্যা সংখ্যা উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের পাঠানো হয়। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ ও ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত গত ১৫ই এপ্রিলের এক পত্র সূত্রে জানা গেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাবের অনুমোদন দিয়েছেন।
 স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলিতে শয্যা বাড়ানোর পর প্রতিটি শয্যায় কত টাকা করে অতিরিক্ত ব্যয় হবে সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি।
 তবে জানা গেছে, বিদ্যমান শয্যাগুলোর আনুপাতিক হারে বর্ধিত শয্যার খরচ নির্ধারণ করা হবে। সেই হিসাবে অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দ দেওয়া হবে।
 অর্থ বিভাগ সূত্র জানায়, প্রস্তাবিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর ভবন নির্মাণ কাজ শেষে হস্তান্তর/গ্রহণ করা হয়েছে। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধির সঙ্গে সরকারের আর্থিক সংশ্লেষ জড়িত এবং বর্ধিত শয্যার বিপরীতে পদ সৃজন, মেডিকেল এবং সার্জিকাল রিকোয়ারমেন্টস(এমএসআর) এবং পথ্য ও অন্যান্য খাতে অর্থ বরাদ্দ দেওয়ার সম্পর্ক রয়েছে। এ পরিপ্রেক্ষিতে এ ৬টি প্রতিষ্ঠানের বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করতে অর্থ বিভাগের সম্মতি দেওয়ার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রস্তাব করা হয়।
 এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবের আলোকে অর্থমন্ত্রীর সম্মতির পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের ২০১৭ সালের ১লা ফেব্রুয়ারির একটি স্মারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ৩৩টি জেলা সদর হাসপাতালে ৪,৪৮০টি শয্যা এবং ৩৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬,৬৯৫টি শয্যাসহ মোট ১১ হাজার ১৯৫টি শয্যা সংখ্যা বর্ধিত করার সম্মতি দেওয়া হয়। 
 পরবর্তীতে অর্থ বিভাগের ২০২৫ সালের ২০শে আগস্ট অন্য একটি স্মারকে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ৯টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করার বিষয়ে সম্মতি দেওয়া হয়। অর্থ বিভাগের সেই সম্মতির ধারাবাহিকতায় নতুন ৬টি স্বাস্থ্য সেবাকেন্দ্রের শয্যা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নতুন সরকার।
 রাজবাড়ী জেলা সদর হাসপাতাল ২৫০ শয্যা চালু হলে চিকিৎসা সেবার মান আরো বৃদ্ধি পাবে।

 

রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ২৫০ শয্যা  চালুর প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ
 পাংশার হাবাসপুর ও বাহাদুরপুর ইউপিতে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
রাজবাড়ীতে এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা কমিটির সমন্বয় সভা
সর্বশেষ সংবাদ