গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের ফাঁসি, সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবীতে রাজবাড়ী জেলার কালুখালী প্রেসক্লাবের আয়োজনে শোক র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ই আগস্ট বিকেল সাড়ে ৪টায় কালুখালী প্রেসক্লাবের সামনে ক্লাবের সদস্য সচিব মোঃ আবু সাঈদ মোল্লা নিলু’র সভাপতিত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কালুখালী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোখলেছুর রহমানের সঞ্চালনায় দৈনিক যায়যায়দিন পত্রিকার পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক কালবেলা পত্রিকার পাংশা প্রতিনিধি শামীম হোসেন, দৈনিক আমার সংবাদ এর কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, আইন বার্তার রাজবাড়ী প্রতিনিধি আদম আলী, দৈনিক সকালের সময়ের রাজবাড়ী প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস, কালুখালী টাইমসের পরিচালক রাশেদুল হক রুমি, দৈনিক নাগরিক কন্ঠের রাজবাড়ী প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দৈনিক আরশীনগর পত্রিকার কালুখালী প্রতিনিধি শহিদুল ইসলাম, কালুখালী টুডের পরিচালক বোরহান উদ্দিন বিপ্লব, আমাদের মাতৃভূমির কালুখালী প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসি ও বর্তমান সরকারের কাছে সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান।
মানববন্ধন শেষে কালুখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি শোক র্যালী বের হয়। র্যালীটি স্টেশন বাজারের আশপাশ রাস্তা প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।



