ঢাকা শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
কৃষক নেতা আতরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন॥স্মারকলিপি প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০২-২৫ ১৪:৫৯:১২

 রাজবাড়ীতে কৃষক নেতা আতর আলী শেখকে হত্যার প্রতিবাদ এবং নিহত ও আহত পরিবারের ক্ষতি পূরণ ও হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
 গতকাল ২৫শে ফেব্রুয়ারি রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মানববন্ধন, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 মানববন্ধনে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আনিসুর রহমান খোকনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক চুন্নু মোল্লা, শ্রম বাস্তবায়ন সংগ্রাম পরিষদ রাজবাড়ী জেলা শাখার উপদ্রেষ্টা রবিউল আলম মিনু, নিহতের স্ত্রী মর্জিনা ছেলে তামিম ও মেয়ে মীম বক্তব্য রাখেন।
 এ সময় বক্তারা বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রভাবশালী সূর্যের নেতৃত্বে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় কৃষক নেতা আতর আলী শেখকে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদের দিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে এবং ১৫ থেকে ২০ জন নারী-পুরুষকে পিটিয়ে আহত করা হয়েছে। আমরা এর বিচার চায়। সরকারের কাছে আমাদের দাবি এই পরিবারের ক্ষতি পূরণ যেনো দেওয়া হয়। এই পরিবার এখন একদম অসহায় হয়ে পড়েছে। আতর আলীর হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে সাজা প্রদানের দাবি জানান তারা।
 কান্নাজড়িত কণ্ঠে আতর আলীর ১৪ বছর বয়সী মেয়ে মীম বলে, সবার বাপ আছে, আমার বাপ থাকলো না। আমাগেরে এতিম কইরা থুইয়া গেছে। আমি সূর্যের ফাঁসি চাই, ওদের ভাড়াটে গু-াদের ফাঁসি চাই। আমার আব্বার কাছে ৬০০ টাকা ছিল বলছিল চাল কিনে নিও, বাড়িতে চাল নাই। আমার বোনটা কান্না করছিল বলে বলেছিল বাড়ি এসে কোলে নিব। আমার আব্বা একটু পানির জন্য কত দাপাইছে কেও একটু পানি দেয় নাই।
 মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি রাজবাড়ী জেলা শাখার সদস্য, নিহতের পরিবারের সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

অল্পের জন্য রক্ষা পেল তরমুজ বোঝাই ট্রাক॥প্রাণে রক্ষা পেল চালকসহ ৩জন
ঈদের লম্বা ছুটি শেষে গোয়ালন্দে নিজ কর্মস্থলে আসেননি জনস্বাস্থ্য প্রকৌশলী
গোয়ালন্দে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলা সংক্রান্ত ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ