ঢাকা রবিবার, মার্চ ২২, ২০২৬
রাজবাড়ীতে বৃষ্টিতে ঈদের প্রধান জামাত পন্ড॥ অর্থের অপচয়রোধে স্থায়ী নির্মাণ প্যান্ডেল জরুরী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৩-২১ ২০:৩৮:৩০

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব-আনন্দ-উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল ২১শে মার্চ রাজবাড়ীসহ সারা দেশে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর।
 পবিত্র রমজানের এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর গতকাল শনিবার সকালে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা। 
 তবে গতকাল শনিবার সকালে বৃষ্টির কারণে রাজবাড়ী শহরের রেলওয়ে মাঠের রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে শহরবাসী নামাজ আদায় করতে না পারায় ক্ষোভ ও অসন্তোস বিরাজ করছে।
 ধর্মীয় বিধান মতে, ঈদগাহে ঈদের নামাজ আদায় করা রাসূলুল্লাহ(সাঃ)-এর সুন্নাত। খোলা ময়দানে বড় জামাতে নামাজ পড়ার মাধ্যমে মুসলমানদের ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। এটি ধনী-গরীব নির্বিশেষে সবার মাঝে সমতা ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের বার্তা দেয়। এছাড়াও ঈদগাহে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন এবং বিশেষ পুরস্কার ও রহমত বর্ষণ করেন। নবী করিম(সাঃ) মসজিদে নামাজ না পড়ে খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করতেন।
 বৃষ্টি বা বিশেষ কোনো ওযর না থাকলে ঈদগাহে বা খোলা ময়দানে নামাজ আদায় করা উত্তম। এটি একটি সামাজিক ইবাদত, যা ঈদের খুশিকে বহুগুণ বাড়িয়ে দেয়।
 কিন্তু গতকাল ২১শে মার্চ সকালে বৃষ্টির কারণে রাজবাড়ী শহরবাসী রেলওয়ে মাঠে রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করতে না পারায় পৌরসভার অব্যবস্থাপনা ও অর্থ অপচয়ের চিত্র ফুটে উঠেছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে ১০ থেকে ১২ হাজার মুসুল্লি অংশ গ্রহণ করে থাকে।   
 বৃষ্টির কারণে রেলওয়ে মাঠে রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাত বাতিল হওয়ায় সকাল সাড়ে ৮টায় জেলা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন রাজবাড়ী জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী। জেলা মডেল মসজিদে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়। নামাজ শুরুর আগে জেলা প্রশাসক সুলতানা আক্তার শুভেচ্চা বক্তব্য রাখেন।
 জেলা মডেল মসজিদে প্রধান ঈদ জামাতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া, স্থানীয় সরকারের উপপরিচালক ড. মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন।
 গত ১৮ই মার্চ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছিল, ২০, ২১ ও ২২শে মার্চ ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস আমলে না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধুমাত্র সামিয়ানা দিয়ে রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্যান্ডেল তৈরী করায় সকালে বৃষ্টির কারণে প্রধান ঈদ জামাত বাতিল করা হয়। ফলে পৌর তহবিলের বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়।     
 ইতিপূর্বেও বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু বার রাজবাড়ী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় থেকে বঞ্চিত হয়েছে শহরবাসী এবং অপচয় হয় পৌর তহবিলের বিপুল পরিমাণ অর্থ। এবারেও তার ব্যতিক্রম হয়নি। কেন কর্তৃপক্ষ তাবু বা ত্রিপল ছাড়া রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্যান্ডেল তৈরী করে এ নিয়ে রীতিমত প্রশ্ন উঠেছে।       
 ২০১৮ সালের গত ১৫ই জুন রাতে ঝড় ও বৃষ্টির কারণে রাজবাড়ী পৌরসভা কর্তৃক নির্মিত রেলওয়ে মাঠে রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানের প্যান্ডেল বিধ্বস্ত হওয়ায় পরদিন গত ১৬ই জুন সকাল সাড়ে ৮টায় সেখানে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। ওইদিন বিকল্প প্রধান জামাত একই সময়ে রাজবাড়ী জজ কোর্ট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের ৫ই জুন বৃষ্টির কারণে সকাল ৮টা ৫মিনিটে নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই রাজবাড়ী শহরের রেলওয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় এই প্রধান ঈদের নামাজ শুরুর সময় নির্ধারিত থাকলেও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ৮টা ৫মিনিটে সময় নামাজ শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়। পূর্ব ঘোষণা ছাড়াই নির্ধারিত সময়ের ২৫মিনিট আগে জামাত শুরু হওয়ায় বৃষ্টির কারণে কয়েক হাজার মুসুল্লি প্রধান ঈদের জামাতে অংশ নিতে পারেননি। 
 একই বছরের(২০১৯ সাল) ১২ই আগস্ট রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে সকাল ৮টায় ঈদুল আযহা’র প্রধান জামাত অনুষ্ঠিত হয়। তবে ঈদের এই প্রধান জামাতের কিছুক্ষণ পূর্বে একপশলা বৃষ্টি হওয়ায় মাঠের প্যান্ডেলে তাবু বা ত্রিপল না থাকায় ঈদগাহ ময়দানের বড় একটা অংশ কর্দমাক্ত হয়ে পড়ায় মুসুল্লিদের ভোগান্তি পোহাতে হয়। মহিলারাও একই জামাতে পৃথক ব্যবস্থায় নামাজ আদায় করেন। 
 করোনাকালে ২০২০ সালের ২৫শে মে পবিত্র ঈদুল ফিতর এবং ১লা আগস্ট পবিত্র ঈদুল আযহা এবং ২০২১ সালের ১৪ই মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হলেও করোনার বিস্তার রোধে সরকারী নির্দেশনায় রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তবে ২০২১ সালের ২১শে জুলাই স্বাস্থ্যবিধি মেনে রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সীমিত পরিসরে পবিত্র ঈদুল আযহা প্রধান জামাতের অনুষ্ঠিত হয়। ২০২২ সালের গত ৩রা মে পবিত্র ঈদুল ফিতরে রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান ঈদের জামাত শুরুর কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে কর্তৃপক্ষের তাৎক্ষণিক সিদ্ধান্তের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের ৬মিনিট পূর্বে ঈদের জামাত শুরু হয়। নামাজ শেষ হতেই বৃষ্টি শুরু হলে ভিজে একাকার হয়ে মুসুল্লিরা বাড়ী পৌঁছান।
 রাজবাড়ী পৌরসভার কয়েকজন সচেতন নাগরিক বলেন, প্রতি বছর দুইটি ঈদের প্রধান জামাতে নামাজ আদায়ের জন্য পৌরসভা কর্তৃক অস্থায়ী প্যান্ডেল নির্মাণে যে অর্থ ব্যয় করে থাকে তার দ্বিগুন অর্থ ব্যয় করে ঈদগাহ ময়দানে স্থায়ী প্যান্ডেল নির্মাণ করা যায়। অথচ সময়োপযোগী সিদ্ধান্ত না নিয়ে অপচয় করা হচ্ছে নাগরিকদের ট্যাক্সের অর্থ।  
 সচেতন মহল, অবিলম্বে রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে রাজবাড়ীবাসীর নির্বিঘেœ নামাজ আদায়ের ব্যবস্থা নিশ্চিতকরণে বৃষ্টি ও রোদ ঠেকাতে আগামী ঈদুল আযহার পূর্বে স্টিলের অবকাঠামোর মাধ্যমে স্থায়ী প্যান্ডেল নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা প্রশাসক ও রাজবাড়ী পৌর প্রশাসকের নিকট দাবী জানিয়েছেন।    

 

রাজবাড়ীতে বৃষ্টিতে ঈদের প্রধান জামাত পন্ড॥ অর্থের অপচয়রোধে স্থায়ী নির্মাণ প্যান্ডেল জরুরী
রাজবাড়ী শহরের বিভিন্নস্থানের পবিত্র ঈদুল ফিতরের জামায়াতের সময়সূচি
রাজবাড়ীতে সরকারী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন॥মোবাইল কোর্টে জরিমানা
সর্বশেষ সংবাদ