জ্বালানি তেলের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ পাচার, চোরাচালান প্রতিরোধে রাজবাড়ী জেলার ১০টি ফিলিং স্টেশনে ১০ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
গতকাল ৩০শে মার্চ সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) ও সহকারী কমিশনার মোঃ হাফিজুর রহমান।
এর আগে গত ২৯শে মার্চ রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলার প্রতিটি ফিলিং স্টেশনের তেল মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকির জন্য বিভিন্ন সরকারী কর্মকর্তাদের নির্দিষ্ট পাম্পে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরে অবস্থিত রাজবাড়ী ফিলিং স্টেশনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ফজলুল হক, নতুন বাজার কাজী ফিলিং স্টেশনে উপজেলা পরিসংখ্যান অফিসারের কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী মোঃ কামাল হোসেন, শ্রীপুর পলাশ ফিলিং স্টেশনে উপজেলা সমবায় অফিসার অসীম কুমার নাগ, গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে বিআরডিবির উপজেলা প্রকল্প কর্মকর্তা এস এম সেলিম রেজা দায়িত্ব পালন করবেন।
পাংশা উপজেলার পাংশা ফিলিং স্টেশনে পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সুগন্ধা ফিলিং স্টেশনে উপজেলা উপ-সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হজরত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশনে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দ আবু আলী ফারমুদাকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও কালুখালী উপজেলার শেখ ফিলিং স্টেশনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রিপন চন্দ্র শীল এবং গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার কফিল ফিলিং স্টেশনে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ নিজাম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে ট্যাগ অফিসারদের জন্য একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে ফিলিং স্টেশনের দৈনিক মজুদ রেজিস্টার সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহকৃত তেল সঠিকভাবে গ্রহণ ও হিসাব মিলানো, ডিপস্টিক-ডিপরডের মাধ্যমে সরবরাহকৃত তেল বুঝে নেওয়া, মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিনবার তদারকি করতে বলা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও সহকারী কমিশনার মোঃ হাফিজুর রহমান বলেন, ট্যাগ অফিসারবৃন্দ ফিলিং স্টেশনগুলো তদারকি করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এ কাজ করবেন।


