রাজবাড়ী জেলার পাংশায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে অভিযান পরিচালনাকালে তেল অবৈধ মজুদ ও খোলা বাজারে বিক্রির অভিযোগে ২জনকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। এ সময় তাদের কাছে থাকা মজুদকৃত তেল জব্দ করা হয়।
গতকাল ৩০শে মার্চ বেলা ১২টার দিকে পাংশা ফিলিং স্টেশনের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ।
অভিযানে পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকার বাসিন্দা মোঃ শরিফুল শেখ ও মোঃ মোনোয়ার হোসেনের কাছে অবৈধভাবে মজুতকৃত তেল পাওয়া যায়। শরিফুল শেখের কাছ থেকে ২৫ লিটার পেট্রোল এবং মোনোয়ার হোসেনের কাছ থেকে ৭ লিটার অকটেন জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে তেল মজুদের দায়ে শরিফুল শেখকে ৫হাজার টাকা এবং মোনোয়ার হোসেনকে ১হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) সাদ আহম্মেদ বলেন, অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের দায়ে ধারা ২০(১)(ক) অনুযায়ী তাদের এই অর্থদন্ড আরোপ করা হয়েছে।
তিনি আরও জানান, বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


