যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বিঘœ ও অবকাঠামোগত ক্ষতির প্রভাবে ২০২৭ সালের শেষ পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বৈশ্বিক সরবরাহ চাপে থাকতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
প্যারিস ভিত্তিক সংস্থাটির গতকাল শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি জানায়, তেহরান কার্যত উপসাগরীয় অঞ্চলের ট্যাংকার চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোর তেল ও গ্যাস স্থাপনায় আঘাত হানার পর থেকে জ্বালানির দাম ব্যাপক বেড়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়, স্বল্পমেয়াদি সরবরাহ ঘাটতি ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ধীরগতির সম্মিলিত প্রভাবে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ১২ হাজার কোটি ঘনমিটার এলএনজি সরবরাহ কমে যেতে পারে।
আইইএ জানায়, চলমান সংঘাতের কারণে ইতোমধ্যে বৈশ্বিক এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি উৎপাদন বাড়াতে নতুন বিনিয়োগও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংস্থাটি বলেছে, বিশ্বের অন্যান্য অঞ্চলে নতুন তরলীকরণ প্রকল্পগুলো সময়ের সঙ্গে এই ঘাটতি কিছুটা পূরণ করতে পারলেও ২০২৬ ও ২০২৭ সালজুড়ে বাজারে চাপ অব্যাহত থাকবে।
এদিকে জ্বালানির উচ্চমূল্যের কারণে গ্যাসের চাহিদাও কমে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইতোমধ্যে অনেক দেশ জ্বালানি সাশ্রয়মূলক পদক্ষেপ ঘোষণা করেছে, যা নবায়নযোগ্য জ্বালানির চাহিদা বাড়াতে পারে।
আইইএ বলেছে, বাজার ভারসাম্য রক্ষায় চাহিদাপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে এশিয়ায় যেখানে বিকল্প জ্বালানিতে ঝোঁক এবং জ্বালানি সাশ্রয় কার্যক্রম ইতোমধ্যে বাড়ছে।
অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, জ্বালানির উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হলে তা বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করতে পারে, কারণ ব্যয় সংকোচনের পথে যেতে পারেন ভোক্তারা।


