রাজবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল ২৩শে ফেব্রুয়ারি বিকেল রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বই মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা বক্তব্য রাখেন।
জেলা তথ্য অফিসার রেখা ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে রাজবাড়ী রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এবিএম মঞ্জুরুল আলম দুলাল ও রাজবাড়ী পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি মীর জুলফিকার আলি টিটু বক্তব্য রাখেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার ভাষা আন্দোলনের ইতিহাস, সাংস্কৃতিক পরিচয় রক্ষায় মাতৃভাষার ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষার সঠিক চর্চা ও ভালোবাসা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরীসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন।


