রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের উদ্যোগে আর রাজবাড়ী পৌরসভার সহযোগিতায় শহরের পুলিশ লাইনের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে স্তুপ করে রাখা সেই ময়লার ভাগাড় অবশেষে অপসারণ ও পরিষ্কার করা হয়েছে।
গতকাল ৪ঠা মার্চ সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নতুন বাজার পুলিশ লাইনের সামনে থাকা দীর্ঘদিনের ময়লার ভাগাড় পৌরসভার সহযোগিতা নিয়ে পরিষ্কার করেছে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক রোমান।
এর আগে গত ৩রা মার্চ দৈনিক মাতৃকণ্ঠে “রাজবাড়ীতে মশার উপদ্রবে অতিষ্ঠ পৌর বাসিন্দারা॥নির্বিকার কর্তৃপক্ষ “নজরদিন” শিরোনামের সচিত্র সংবাদে রাজবাড়ী শহরের পুলিশ লাইন মোড়ের এই ভাগাড়ের ছবি প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়।
জানা যায়, দীর্ঘ ১৫ বছর ধরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার ৭নং ওয়ার্ডে পুলিশ লাইনের সামনের জায়গাটিতে প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলছে পৌরসভা ও স্থানীয় বাজারের ব্যবসায়ীরা। এতে স্থানটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়। এতে ছড়িয়ে পড়া জীবাণুর কারণে স্থানীয় বাসিন্দাদের অনেকে অসুস্থ হয়ে পড়ছে। শ্বাসকষ্ট, অ্যাজমা, এলার্জিসহ বিভিন্ন রোগের ঝুঁকিতে রয়েছে জনসাধারণ। ময়লার দুর্গন্ধে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, যানবাহনের যাত্রী, অফিসগামী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী, দোকানদাররা মারাত্মক দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে স্থানীয় দোকানদার ও পথচারীরা মানববন্ধন করলেও তারা এর কোন প্রতিকার পায়নি।
পরে বিষয়টি নজড়ে আসে জেলা ছাত্রদলের আহ্বায়ক মানবিক ছাত্র নেতা হিসেবে পরিচিত আরিফুল ইসলাম রোমানের। সে ময়লার ভাগাড়টি পরিষ্কারের জন্য একাধিক দপ্তরে ছোটাছুটি করলেও তেমন কোন সাড়া পায়নি। পরে তার ব্যক্তিগত উদ্যোগে ও পৌরসভার সহযোগিতা নিয়ে আজ সেই ময়লার ভাগাড় পরিষ্কার ও অপসারণের কাজ শুরু করেছে।
পথচারী ও স্থানীয় এলাকাবাসী জানান, ময়লার স্তূপে সারাদিন মশা-মাছি ভনভন করে। পঁচা-আবর্জনা আর সেগুলো পোড়ানোর ধোঁয়ার তীব্র গন্ধে চলাচল করতে কষ্ট হয়। গাড়ি চালকরা স্তূপের পাশ দিয়ে দুর্গন্ধের কারণে দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে হয়। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। ময়লা-আবর্জনা উন্মুক্ত স্থানে ফেলায় বাতাসের মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু ছড়াচ্ছে। নাকে হাত দিয়ে চলতে হচ্ছে। এছাড়া ময়লার ভাগাড়ের কারণে নষ্ট হচ্ছিল পরিবেশ। আজ জেলা ছাত্রদলের আহ্বায়ক রোমানের উদ্যোগে সেই ময়লা আবর্জনা পরিষ্কারে কাজ শুরু হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, দীর্ঘদিন ধরে এই পুলিশ লাইনের সামনে মহাসড়কের পাশে ময়লা আবর্জনার স্তপ জমে ছিলো, এতে সাধারণ মানুষের চলাচলে যেমন দুর্ভোগ সৃষ্টি হয়েছিলো ঠিক তেমনি দেখতেও দৃষ্টিকটু লাগছিলো। একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে আমি এটা পরিষ্কারের জন্য পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে ঘুরেছি, বিভিন্ন কর্মকর্তাদের কাছে গিয়েছি। আজকে তার ফল মিলেছে। আমি এবং জেলা ছাত্রদলের সর্বস্তরের মানুষের সহযোগিতায় ও পৌরসভার সহযোগিতায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি।
তিনি আরও বলেন, সুন্দর পৌরসভা গড়ে তুলতে হলে অবশ্যই শহর পরিষ্কার পরিচ্ছন্ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্বের জায়গা থেকেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে আমরা ড্রেন পরিস্কার করছি, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে থাকা ময়লা আবর্জনার ভাগাড় পরিষ্কার করছি। আমরা বিভিন্ন খেলার মাঠ পরিষ্কার করবো, বর্ষার আগেই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিব। পর্যায়ক্রমে আমরা পৌরবাসীর জন্য এ কাজগুলো করবো।
রোমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসী ও পৌর শহরের বাসিন্দারা। তারা বলছে রোমানের মতন এমন চিন্তাচেতনা ও মানসিকতা নিয়ে সবাই এগিয়ে আসলে সমাজের চিত্রটাই পাল্টে যাবে।



