আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা গতকাল ৫ই মার্চ দুপুর ১২টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি গাজী আহসান হাবীব, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানের সঞ্চালনায় স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডঃ মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশিক উন নবী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য সহ বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মোঃ হাফিজুর রহমান দিবসটি উদযাপনে সরকারী নির্দেশনা ও গত বছরের কর্মসূচী পড়ে শোনান।
সভাপতির বক্তব্য জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে সরকার থেকে যে সকল নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে ওই নির্দেশনার আঙ্গিকে আমরা দিবসগুলো যথাযথ ভাবে পালন করবো। আমাদের সাথে সকল কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধারা থাকবেন। বীর মুক্তিযোদ্ধাগণ আমাদেরকে আন্তরিক ভাবে সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
প্রায় দুই ঘন্টাব্যাপী আলোচনায় ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।



