ঢাকা শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
দৌলতদিয়া ঘাট ব্যবস্থা উন্নয়নে সরকারের পরিকল্পনা আছে ঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৩-২৭ ১১:০০:৫০

 দৌলতদিয়া ঘাটের উদ্ধার অভিযান পরিদর্শনে এসে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ঘাট ব্যবস্থাকে আরও উন্নত করা যায়। সেই দিক থেকে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। আমাদের সরকার সড়ক ও নদী পথে যান চলাচলে এবং উন্নয়ন ব্যবস্থাপনায় একটি পরিবর্তন আনার জন্য চেষ্টা করছে। আপনারা দেখেছেন ঈদেও এবার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলো সরকার।
 গতকাল ২৬শে মার্চ বিকেলে দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ডুবির ঘটনার উদ্ধার অভিযান পরিদর্শন এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
 সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম বলেন, এখানে দীর্ঘদিন ধরে নানা ধরনের অচল অবস্থা চলে আসছে। সরকার সবে মাত্র ক্ষমতায় বসেছে। আমাদের এই অঞ্চলের নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য এবং ঘাট ব্যবস্থার উন্নয়নের জন্যে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির কর্মকর্তারা এসেছেন। তারা এটা গভীরভাবে পরীক্ষা করে দেখছেন যাতে ভবিষ্যতে ঘাট ব্যবস্থাপনাকে আরও ভালো করা যায়।
 প্রতিমন্ত্রী বলেন, দৌলতদিয়ায় মর্মান্তিক বাস ডুবির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার এই দূর্ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। আমাদের এখানে যারা সংশ্লিষ্ট ছিল বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, জেলা প্রশাসন, জেলা পুলিশসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সবাই, সহযোগিতা করেছেন। সেই সহযোগিতার ভিতর দিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা উদ্ধার কাজ প্রায় সমাপ্তির পথে চলে এসেছি। এখনো উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 খৈয়ম বলেন, আমরা আশা করি খুব তারাতাড়ি আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধ এবং জলপথে, নৌ পথে সকল ধরনের দূর্ঘটনা রোধে যা যা করার দরকার সেগুলো করবে।
 তিনি আরও বলেন, উদ্ধার কাজ এখনো চলছে, শেষ হয়নি। আমরা দেখেছি দুই দিন, তিনদিন পরেও মৃতদেহ পাওয়া যায়। এজন্য আমাদের উদ্ধার কাজ চলমান থাকবে। আমরা আশা করি আর ১/২ দিন এটা চলতে থাকবে। উদ্ধার অভিযান শেষ হলে আমরা সবাইকে বিস্তারিত জানাবো।
 এ সময় নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ডুবে যাওয়া বাসসহ  ২৬জনের মরদেহ উদ্ধার॥পরিবারের কাছে হস্তান্তর
দৌলতদিয়া ঘাট ব্যবস্থা উন্নয়নে সরকারের পরিকল্পনা আছে ঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম
 ৫৬তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সর্বশেষ সংবাদ