জ্বালানী তেলের বর্তমান মূল্যের আনুপাতিক হারে বাস-মিনিবাসের ভাড়া বৃদ্ধি করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।
গতকাল ২১শে এপ্রিল বিকেলে রাজবাড়ী শহরের বড়পুল এলাকার সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশে তার প্রভাব পড়ায় জ্বালানী তেলের সংকট দেখা দিয়েছে। বর্তমানে এই সংস্থাভূক্ত বাস-মিনিবাসের তেল সংগ্রহ করতে শ্রমিকরা প্রচন্ড গরমের মধ্যে দিনরাত তেলের পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার কারনে অসুস্থ্য হয়ে পড়ছে।
অন্য দিকে গত ১৯শে এপ্রিল সরকার হঠাৎ করে জ্বালানী তেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে। কিন্তু বাস-মিনিবাসের ভাড়া এ পর্যন্ত পুনঃ নির্ধারণ করেননি। বর্তমানে সরকার কর্তৃক নির্দ্ধারিত মূল্য দিয়ে তেল ক্রয় করে গাড়ী চলাচল অব্যহৃত রাখায় বাস-মিনিবাসের মালিকরা ব্যবসায়িক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনকি তারা গাড়ীতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের পারিশ্রমিক প্রদান করতে পারছেন না। বিধায় শ্রমিক-কর্মচারীরা পারিশ্রমিক না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
এজন্য সরকারের প্রতি আমাদের অনুরোধ জরুরী ভিত্তিতে জ্বালানী তেলের বর্তমান মূল্যের সাথে আনুপাতিক হারে বাস-মিনিবাসের ভাড়া বৃদ্ধি করুক। তাহলে আমরা সুষ্ঠ ভাবে গাড়ী চলাচল অব্যহৃত রাখাতে পারবো।
সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মুরাদ হাসান, সহ-সাধারণ সম্পাদক মোঃ বাবলু ব্যাপারী, মোঃ রইচ উদ্দিন বাবু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মোল্লা, নির্বাহী সদস্য আবিদুর রহমান টিটু, মোঃ নুরুদ্দীন শেখ, বিপ্লব কুমার দত্ত, বিকাশ রঞ্জুন সরকার, মোঃ মকিবুর রহমান বাবু, মোঃ আজিজুল হক বাবু ও মোঃ আকবর উদ্দিন উপস্থিত ছিলেন।



