ঢাকা শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
বানীবহে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
  • আশিকুর রহমান
  • ২০২৬-০৪-২৩ ১৫:২৫:৪১

 রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে এক মাছ চাষির ৮ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
 গতকাল ২৩শে এপ্রিল সকালে লক্ষীনারায়ণপুর গ্রামে মাছ চাষি লিটন বেপারীর পুকুরে গিয়ে মরা মাছ ভাসতে দেখা গেছে।
 এর আগে গত ২২শে এপ্রিল সকালে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছগুলো মারা হয়েছে বলে অভিযোগ করেছেন লিটন বেপারী।
 লিটন বেপারী বলেন, আমার আপন ভাই নুরুল আমিন ও আলমগীর হোসেনের সাথে দীর্ঘদিন ধরে আমার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ২০২৫ সালের ১৪ই নভেম্বর তারা আমাকে মারধর করে আমার বাম পা ভেঙে পঙ্গু করে দিয়েছে। যার ফলে আমাকে ক্রাচে ভর করে হাটতে হয়। ওই ঘটনায় আমি থানায় মামলা করেছি। তারা আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধামকি দিয়ে আসছে। আমি মামলা তুলে না নেয়ায় তারা আমার পুকুরে মাছ মেরে ফেলার হুমকিও দেয়। গত ২২শে এপ্রিল সকাল ৭ টার দিকে তারা আমার পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির ৮ মণ মাছ মরে ভেসে ওঠে। যার আনুমানিক বাজার মূল্য ৪৮ হাজার টাকা। এ ঘটনায় আমি রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছি। আমি ন্যায় বিচার চাই।
 এদিকে অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত নুরুল আমিন বলেন, আমরা লিটনের পুকুরের মাছ মারিনি। ও নিজেই ওর পুকুরে সার দিয়েছিল। সার দেয়ার কারণে মাছ মরে গেছে।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পুষ্টিহীনতার চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহবান
জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া রাজবাড়ী রেড ক্রিসেন্টের চেয়ারম্যান নিযুক্ত
এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মোমিনুল আমিন
সর্বশেষ সংবাদ