সারাদেশের মতো রাজবাড়ীতেও বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘন্টায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৪ জন শিশু ভর্তি রয়েছে।
গতকাল ২৩শে এপ্রিল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা সদর হাসপাতালর তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। পূর্বে ১০ জন রোগী ভর্তি ছিলো। মোট ১৫ জনের মধ্যে ১ জন সুস্থ হয়ে আজ বাড়ি চলে গেছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৪ জন শিশু ভর্তি রয়েছে।
অন্যদিকে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছিলো ১৩৬ জন। আর চলতি বছর এখন পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৫ জন। জেলায় ৪ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারা সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বলেন, এ পর্যন্ত জেলায় ১৩৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলো। চলতি বছরে আমরা ৬৫ জন সন্দেহভাজন রোগীকে পেয়েছি যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। জেলায় এখন পর্যন্ত ৪ জনের হাম শনাক্ত হয়। উপসর্গ নিয়ে আসা অধিকাংশই সুস্থ হয়েছে। তিনি আরও বলেন, গত ২০শে এপ্রিল থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ই মে পর্যন্ত। হামের এই বিশেষ ক্যাম্পেইনে আমাদের লক্ষ্যমাত্রা ১ লাখ ১৭ হাজার ৬৬০ জন শিশুকে টিকার আওতায় নিয়ে আসা।



