রাজবাড়ী শহরের ব্যস্ততম এলাকার কয়েকটি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এসব সড়কে উন্নয়ন ও সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টি হলেই জমে যাচ্ছে হাঁটু পানি। বিভিন্ন জায়গায় খানাখন্দ ও জলাবদ্ধতায় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এতে চরম দুর্ভোগে পৌরবাসী। কাদা পানিতে ডুবে থাকা সড়কে অসাবধানতায় গর্তে পড়ে ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দার পাবলিক হেলথ মসজিদ থেকে টেকনিক্যাল স্কুল হয়ে হাসপাতালে যাওয়ার সড়কের বেহাল অবস্থা।
আধা কিলোমিটার রাস্তার পুরোটাই বৃষ্টি হলে পানির নিচে তলিয়ে যায়। জনগুরুত্বপূর্ণ এ সড়কে রয়েছে হাসপাতাল, স্কুল, মসজিদ ও বিভিন্ন ক্লিনিক। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাটু পানি জমে যায়। এতে পথচারী ও বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
এছাড়াও পাবলিক হেলথ মসজিদ থেকে হাসপাতাল হয়ে দুই নম্বর রেলগেট পর্যন্ত সড়কেরও বেহাল দশা। প্রায় তিন কিলোমিটার এই সড়কের দীর্ঘদিন সংস্কার হয়নি। বিভিন্ন স্থানে খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে গর্ত। সড়কের পাশের ড্রেনও সংস্কার হয়নি দীর্ঘদিন। ফলে ময়লা আবর্জনায় ড্রেনগুলো বন্ধ প্রায়। তাই বৃষ্টির পানি প্রবাহিত হয় সড়কে।
ভোকেশনাল মোড়ে হোটেল ব্যবসায়ী ইসলাম বলেন, বৃষ্টি হলেই আমার দোকানের সামনে হাটু পানি হয়ে যায়। যখন যানবাহন যায় তখন পানি আমার দোকানের মধ্যে চলে আসে। খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। দ্রুত এই সমস্যা নিরসনের দাবী জানান তিনি।
জেলা সদর হাসপাতালে ভর্তি রোগী দেখতে আসা রবিউল ইসলাম শান্ত নামে এক ব্যক্তি বলেন, রেলগেট থেকে ব্যাটারী চালিত অটোতে এসে পাবলিক হেলথ মোড়ে নেমে হেঁটে হাসপাতালে যাচ্ছিলাম। এ সময় ভোকেশনাল মোড় এলাকায় দেখি হাঁটু পানি। পানির মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় গর্তের মধ্যে পা পড়ে গিয়ে আমার প্যান্ট ভিজে যায়।
ভোকেশনাল মোড় এলাকায় ফটোকপি ব্যবসায়ী সুজন বলেন, বৃষ্টি হলেই আমার দোকানের সামনে হাটু পানি জমে থাকে। পানি বের হওয়ার কোন জায়গা নেই। পানি পার হয়ে কেউ আমার দোকানে আসতে চাই না। এই কারণে ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে।
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়ামিন, রিয়াজ, নিশাদ ও জমিরসহ একাধিক শিক্ষার্থী বলেন, বৃষ্টির মধ্যে আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। রাস্তায় হাটু পানি থাকে, জুতা, স্যান্ডেল, প্যান্ট ভিজে যায়। এছাড়াও নোংরা পানির কারণে আমাদের ঘা, পচরাসহ চুলকানি হয়। আমরা অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবী জানাই।
মসজিদের নামাজ পড়তে আসা একাধিক মুসল্লী বলেন, বৃষ্টি হলেই আমাদের মসজিদের সামনে পানি জমে থাকে। নোংরা পানি পেরিয়ে মসজিদে আসতে হয়। অনেক সময় পাঞ্জাবি, পাইজামা ভিজে যায়। খুবই খারাপ অবস্থা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার নেই। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না হওয়ায় বৃষ্টি হলেই রাস্তা ডুবে থাকে পানিতে। জন গুরুত্বপূর্ণ এই সড়কে বেহাল দশা কিন্তু পৌরসভার কোনো নজর নেই এখানে।
এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বলেন, আমি রাস্তাটি পরিদর্শন করেছি। পানি বের করে দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণকরা হবে।



