রাজবাড়ী জেলার পাংশায় সার ও কীটনাশকের দোকানে অবৈধ ভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে মোঃ সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
গত ২রা এপ্রিল সন্ধ্যা ৭টায় পাংশা উপজেলার বাগদুলী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ।
অভিযুক্ত মোঃ সিরাজুল ইসলাম উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাগদুলী বাজারে সাইদুল ব্রাদার্স এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সেখানে সার-কিটনাশক বিক্রির পাশাপাশি জ্বালানি তেল বিক্রি করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম বিভিন্ন স্থান থেকে ডিজেল সংগ্রহ করে এলাকার কৃষকদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মোবাইল কোর্ট। এ সময় দোকান থেকে ১৮৩ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) সাদ আহম্মেদ বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রির সত্যতা পাওয়া গেছে। সেই সাথে তিনি তেল বিক্রির বৈধ কাগজ দেখাতে ব্যার্থ হয়েছেন। তাকে মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত তেল উপস্থিত ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে।



