ফরিদপুর শহরের সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৩রা এপ্রিল সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
মেলার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রণো ইভেন্টস ম্যানেজমেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, রণো ইভেন্টস ম্যানেজমেন্টের সত্বাধিকারী মোঃ মামুন হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও মেলা কমিটির সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ মেলার সফলতা কামনা করে বলেন, এ ধরনের শিল্প ও বাণিজ্য মেলা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এখান থেকে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং তারা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
তিনি প্রতি বছর এ মেলা নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহবান জানান।
মেলা কর্তৃপক্ষ জানায়, মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রায় ৪০ থেকে ৪৫টি স্টল অংশগ্রহণ করছে, যেখানে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলার স্টল মালিকরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছে।
এছাড়া দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা বৈধ পরিচয়পত্র প্রদর্শন করলে বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ পাবেন বলে আয়োজকরা জানিয়েছেন।


