ঢাকা শনিবার, এপ্রিল ৪, ২০২৬
গোয়ালন্দে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থীর ছড়াছড়ি
  • মইনুল হক মৃধা
  • ২০২৬-০৪-০৩ ১৫:৪৫:৫৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্য করা গেছে। 
 চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলা। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার সারা দেশের ন্যায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান এবং গোয়ালন্দ পৌরসভা মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে। 
 এরপর থেকেই নিজ কার্যালয়ের দায়িত্বের পাশাপাশি গোয়ালন্দ উপজেলা ও পৌরসভায় প্রশাসকের দায়িত্ব পালন করছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা। 
 অপরদিকে উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় সেখানে চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব পালন করছে সরকারি কর্মকর্তাগণ। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন। বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই স্থানীয় নির্বাচন নিয়ে শুরু হয়েছে প্রচার প্রচারণা। দলীয় ও বিরোধী দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি, নতুন দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচনের হাওয়া বইছে। সরব হয়ে উঠেছে নির্বাচনের মাঠ। চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগ্রহী প্রার্থীরা তাদের সমর্থকদের দিয়ে বিভিন্ন রকমের ব্যানারে প্রার্থীতা জানান দিচ্ছেন। বিভিন্ন প্রার্থীর ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে হাট বাজারের অলিগলিতে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, চায়ের দোকান, বিভিন্ন দর্শনীয় স্থান, বিদ্যুতের খুঁটি, গাছের গায়ে, এমনকি বিভিন্ন যানবাহনের পেছনে মিলছে প্রার্থীতার পোষ্টার ফেস্টুন। রাজনৈতিক আলোচনার সবচেয়ে জনপ্রিয় স্থান বিভিন্ন চায়ের দোকানে প্রার্থী নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। 
 বিভিন্ন চায়ের আড্ডা থেকে জানা যায়, গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবাসী আব্দুল হালিম মিয়া, সাবেক চেয়ারম্যান শিল্পপতি মোঃ মোস্তফা মুন্সীসহ বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।
 গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সহ-সভাপতি মাহবুব আলম শাহীন, সাবেক কাউন্সিলর মোঃ ফরিদ দেওয়ান, বিএনপি নেতা জহিরুল হক লাবলু ও মোঃ আমজাদ হোসেন মোল্লার নাম আলোচনায় রয়েছে। 
 দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খান, বিএনপি নেতা আব্দুল হালিম ফকির, ডাঃ নাসির উদ্দিন, অধ্যাপক মোহাঃ নুরুল ইসলাম মিয়া বকুল, তরুণ সমাজসেবক প্রবাসী সালমান জেড রহমান সোলাইমান এর নাম আলোচনায় রয়েছে।
 অপরদিকে দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি নেতা মোঃ জামাল মুন্সী, মোঃ নজরুল মোল্লা ও মোঃ ফরিদ সরদারের নাম আলোচনায় রয়েছে।
 এ ছাড়াও পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে দলীয়, তরুণ ও সাধারণ মানুষের মধ্যে একের অধিক প্রার্থী রয়েছে। এসব প্রার্থীদের অনেকেই নিজ নিজ এলাকার মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে প্রার্থীতা জানান দিচ্ছেন। 
 অপরদিকে উপজেলার উজানচর ও ছোট ভাকলা ইউনিয়নের মেয়াদ শেষ না হওয়ায় আওয়ামী লীগের সময়ে নির্বাচিত হওয়া চেয়ারম্যান সদস্যরা বহাল রয়েছেন। তবে এই দুটি ইউনিয়নের মেয়াদও শেষের দিকে থাকায় বিভিন্ন প্রার্থীরা তাদের সমর্থকদের দিয়ে ফেসবুক ও এলাকাবাসীর মধ্যে প্রচার প্রচারণা শুরু করেছে।

ফরিদপুরে মাসব্যাপী শিল্প  ও বাণিজ্য মেলার উদ্বোধন
গোয়ালন্দে সামাজিক যোগাযোগ  মাধ্যম ফেসবুকে প্রার্থীর ছড়াছড়ি
দাদশীর রঘুনাথপুরে “আন নূর মসজিদ ও মাদ্রাসা” উদ্বোধন
সর্বশেষ সংবাদ