.আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন করে আরো ৩৬ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
রাজবাড়ী-২ (পাংশা- বালিয়াকান্দি-কালুখালী) আসনের জন্য প্রাথমিকভাবে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছে মোঃ হারুন-অর রশীদ।
গতকাল ৪ঠা ডিসেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জানা গেছে, হারুন-অর-রশীদ হারুন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল গ্রামের মরহুম মতিয়ার রহমানের ছেলে। ছাত্র জীবন থেকেই হারুন-অর-রশীদ জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমেই তার রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ঢাকা মহানগর(উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। এরপর তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক দুই বারের সাধারণ সম্পাদকের মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন অন্যতম সদস্য। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী।
এ বিষয়ে রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন-অর রশীদ হারুন বলেন, গত ১৭ বছর আমি দলের পেছনে আমি অনেক শ্রম ঘাম দিয়েছি। দলের দুঃসময়ে আমি দলের ও কর্মীদের পাশে থেকে জেলা বিএনপিকে সুসংগঠিত রেখেছি। ফ্যাসিস্ট পতনের জন্য প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলাম। দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের দ্বারে দ্বারে পৌছে দেওয়ার জন্য কাজ করেছি। এ জন্য দল আমাকে মূল্যায়ন করেছে বলে আমি মনে করি। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে এই আসনটি উপহার দিব ইনশাআল্লাহ
এর আগে গত ৩রা নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি। রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।



