অবশেষে দীর্ঘ ৩৫ বছর পর ফরিদপুর শহরের এডুকেশন জোন খ্যাত বাইতুল আমান কলেজ গেট স্টেশনে ট্রেন থেমেছে।
গতকাল ১০ই ডিসেম্বর সকাল ৮টায় দীর্ঘ দিনের আশা-আকাঙ্খার প্রতিফল বাইতুল আমান কলেজ গেটে ট্রেন থামলে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাসে মেতে ওঠে সাধারণ মানুষসহ ঐ এলাকায় অধ্যায়নরত ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থীরা।
এ সময় ট্রেন থামানোর আন্দোলনের প্রধান সমন্বয়ক সৈয়দ আলাওল হোসেন তনু, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, কনজ্যুমার ভয়েস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক রুমন চৌধুরী, প্রিন্সিপাল মোঃ লোকমান হোসেন, ব্যবসায়ী আতিয়ার রহমানসহ এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কমলাপুর রেল স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান। ফরিদপুর জেলার মধ্যে এডুকেশন জোন নামে খ্যাত বাইতুল আমান এলাকাটি। যেখানে রয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারী রাজেন্দ্র কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ফরিদপুর সরকারি কলেজ, ফরিদপুর সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি, জীবনের ঝুঁকি ও শিক্ষার্থীদের জন্য স্বল্প ভাড়ায় যাতায়াতের জন্য ট্রেন থামানোর এই দাবিতে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং মানববন্ধন করেছে।
এর আগে গত ৩০শে অক্টোবর বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ফরিদপুর রেল স্টেশন পরিদর্শনে আসলে ট্রেন থামানোর আন্দোলনের প্রধান সমন্বয়ক সৈয়দ আলাওল হোসেন তনু নেতৃত্বে বাইতুল আমান এলাকাবাসী ও আশে পাশের কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের এই দীর্ঘদিনের দাবি তুলে ধরে স্মারকলিপি প্রদান করে।
সে সময় সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দেশ্যে রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজল হোসেন আশ্বাস দিয়ে বলেন, শিক্ষার্থীদের এই দাবি যুক্তিসঙ্গত আমরা অতি দ্রুতই তাদের এই বিষয়টি বাস্তবায়নের জন্য জরুরিভাবে ব্যবস্থা গ্রহণ করব।



