রাজবাড়ী জেলার গোয়ালন্দে মোটর সাইকেল ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে শিথিল বিশ্বাস সেতু(২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিথিল বিশ্বাস সেতু গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা এবং গোয়ালন্দ বাজারের সেতু জুয়েলার্সের মালিক কমল বিশ্বাসের ছেলে।
গতকাল ৯ই ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের পাশে সাবেক পৌর মেয়র নজরুল মন্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে অবস্থায় অবনতি হলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেবার পথিমধ্যে বিকালে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু মোটর সাইকেল চালিয়ে বাড়ি থেকে গোয়ালন্দ বাজারে যাওয়ার সময় একটি অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে সে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নিহত সেতুর স্বর্ণ ব্যবসায়ী শ্বশুর রনজিৎ পোদ্দার জানান, সেতু বছর খানেক আগে আমার মেয়েকে বিয়ে করে। মোটর সাইকেল দুর্ঘটনায় আজ মৃত্যু বরণ করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, মোটর সাইকেল দুর্ঘটনায় ১জনের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।



